• "আমি কাউকে ফোন করিনি, বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে", যা বললেন প্রসেনজিৎ
    News18 বাংলা | ০৬ মে ২০২৬
  • কলকাতা: বিজেপি জয়ের পর থেকে তাঁদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্ট করেছেন টলিউডের তারকারা৷ কারও পোস্ট উস্টে দিয়েছে বিতর্কও৷ কেউ আবার তৃণমূলের হারে ব্যাঙ্গ করতে ছাড়েননি৷ সোশ্যাল মিডিয়ায় নানাবিধ পোস্টের মাঝে অবশ্যই উল্লেখযোগ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোস্ট৷ মঙ্গলবার তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন, যা তিনি লিখেছেন, “আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং আগামীদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ— দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রঙ লাগাবেন না। আমি কাউকে ফোন করিনি, বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেইটুকুই পালন করেছি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই।”

    প্রসেনজিতের এই পোস্টে সকলেই তাঁকে জিজ্ঞাসা করছেন যে কে তাঁর এই ভাতৃসম বিজয়ী প্রার্থী৷ মনে করা হচ্ছে এই তারকা প্রার্থী আর কেউ নন রুদ্রনীল ঘোষ৷ যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেননি প্রসেনজিৎ৷

    উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি পোস্ট নজরকাড়ে৷ সেই পোস্ট তাঁর কাজকে ঘিরে হলেও তাতে রাজনীতির গন্ধ পেয়েছিলেন অনেকেই৷

    ২০২৬-এর বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়৷ গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গিয়েছে তৃণমূল৷ বিভিন্ন জায়গা থেকে ধুয়ে মুছে সাফ হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা৷ বিজেপির তারকা প্রার্থীরা সকলেই জিতেছেন নিজ নিজ কেন্দ্র থেকে৷ যেমন রুদ্রনীল ঘোষ জিতেছেন শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে৷ অরূপ বিশ্বাসকে হারিয়ে পাপিয়া অধিকারী জিতেছেন টলিগঞ্জ কেন্দ্র থেকে৷ শর্বরী মুখোপাধ্যায় জিতেছেন যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে৷ রূপা গঙ্গোপাধ্যায় জিতেছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে৷ একদিকে যেমন টলিগঞ্জ থেকে জিতে নিজের কেন্দ্র ও টলিউডের উন্নয়ন করা কথা জানিয়েছেন পাপিয়া, তেমনই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক দাপট বন্ধ করার কথা বলেছেন রুদ্রনীল ঘোষও৷
  • Link to this news (News18 বাংলা)