• সরকার গঠনের অঙ্ক মেলাতে বিজয়ের সঙ্গী কংগ্রেস, বাকি বিধায়কের খামতি পূরণে কাজে লাগবে কোন সমীকরণ?
    এই সময় | ০৬ মে ২০২৬
  • বুধবার চিঠি দিয়ে সরকার গঠনে বিজয়ের দলকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে দিল কংগ্রেস। জয়ের পর থেকে সংখ্যাই একমাত্র সমস্যা ‘সুপারস্টার’ ও তামিলভূমের নতুন ‘কিং’ থালাপতি বিজয়ের। নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজ়াগাম (TVK) বড় অঙ্কের জয় পেলেও এখনও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নির্বাচনী জয়ের উচ্ছ্বাস দ্রুতই পরিণত হয় জোট-রাজনীতির জটিল দরকষাকষিতে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন—কে হবে বিজয়ের সরকার গঠনের মূল ভরসা? যদিও বুধবার কংগ্রেস সরকারি ভাবে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করার পরেই ফের বদলে গিয়েছে তামিলভূমে সরকার গঠনের সমীকরণ।

    তামিলনাড়ুর ভোট ময়দানে DMK-কংগ্রেস জোট এখন অতীত। মৌখিক আলোচনার পরেই DMK-র সঙ্গে জোট ভেঙে থালাপতির সঙ্গে হাত মেলাতে সম্মতি জানিয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই চিঠি দিয়ে শর্তসাপেক্ষে TVK-কে সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে হাত শিবির। যার ফলে বিধায়ক সংখ্যা কিছুটা বাড়লেও এখনও সংখ্যাগরিষ্ঠতার সীমা পুরোপুরি ছোঁয়া যায়নি।

    ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে TVK পেয়েছে ১০৮টি আসন ( (ত্রিচি পূর্ব থেকে বিজয়ের পদত্যাগের পর যা কমে ১০৭ হবে)। কিন্তু সরকার গঠনের জন্য দরকার ১১৮—অর্থাৎ আরও ১০ বিধায়ককের সমর্থন পেলেই তামিলভূমে সরকার গড়বেন থালাপতি বিজয়। বুধবার কংগ্রেসের সমর্থন নিশ্চিত হতেই এখন বিধায়ক সংখ্যা পাঁচ বেড়ে TVK জোটের আসন সংখ্যা পৌঁছল ১১৩-তে। সূত্রের খবর, এই জোটের শর্ত হিসেবে ক্যাবিনেটে দু’জন কংগ্রেস বিধায়ককে রাখার শর্ত দিয়েছে হাত শিবির।

    এই পরিস্থিতিতে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। নির্বাচনের পর থেকেই জোট-আলোচনা তীব্র হয়েছে এবং বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে TVK। সূত্রের খবর, বাকি আসন ঘাটতি মেটাতে DMK-র অন্যান্য প্রধান ঘনিষ্ঠ দল—CPI (দুই আসনে জয়ী), CPM (দুই আসনে জয়ী) এবং VCK (দুই আসনে জয়ী)-এর দিকেও তাকিয়ে রয়েছে TVK সুপ্রিমো।

    তবে এই সমীকরণে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল AIADMK-এর সম্ভাব্য ভূমিকা। সূত্রের খবর, TVK ইতিমধ্যেই AIADMK-র সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কিন্তু এই সমীকরণ মোটেও সহজ নয়। একদিকে, AIADMK-র ভিতরেই এই সমর্থন নিয়ে মতভেদ তৈরি হয়েছে। অন্যদিকে, কংগ্রেস স্পষ্ট শর্ত দিয়েছে—AIADMKর সঙ্গে জোট হলে তারা সমর্থন প্রত্যাহার করতে পারে।

    এ ছাড়া TVK বিজেপির সমর্থন নিতে অনিচ্ছুক বলে জানিয়েছে। তাই আদর্শগত কারণে সেই দরজা কার্যত বন্ধ। ফলে বিকল্প পথ হিসেবে হয় এআইএডিএমকের সঙ্গে সমঝোতা, নয়ত একাধিক ছোট দলের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন—এই দুইয়ের মধ্যে দোদুল্যমান অবস্থায় রয়েছেন বিজয়।

    এই নির্বাচনের ফলাফল তামিলনাড়ুর দীর্ঘদিনের DMK–AIADMK আধিপত্যে বড় ধাক্কা দিয়েছে। DMK-এর সঙ্গে পুরোনো জোট ভেঙে বিজয়ের দলের সঙ্গে কংগ্রেসের হাত মেলানোর পদক্ষেপকে ‘পিঠে ছুরি মারা’ বলে ব্যাখ্যা করেছে প্রাক্তন শাসক দল। TVK-র উত্থান রাজ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। বিধায়কের অঙ্ক মিলে গেলেই চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে বৃহস্পতিবার বা শুক্রবার শপথ নিতে পারে থালাপতি বিজয়ের নয়া সরকার।

  • Link to this news (এই সময়)