পুরোনো অস্ত্র আইনের মামলায় তৃণমূল কাউন্সিলারকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শেখ আমিরুল ইসলামকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। বুধবার তাঁকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে রেখে জেরা করার আবেদন জানাবে পুলিশ।
২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দরে ফ্লাইট ধরতে এসেছিলেন আমিরুল। ব্যাগ স্ক্যানিংয়ের সময় তাঁর লাগেজ থেকে একটি খালি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়। তখন অভিযুক্ত দাবি করেন, ম্যাগাজিন ও গুলির রাখার জন্য তাঁর কাছে বৈধ লাইসেন্স রয়েছে। তিনি লাইসেন্স দেখানোর জন্য সময়ও চেয়েছিলেন। জনপ্রতিনিধি হওয়ায় সেই সময় তাঁকে ৭ দিন সময় দিয়েছিল পুলিশ। কিন্তু সাত দিন পরেও কোনও বৈধ লাইসেন্স পূজালি পুরসভার কাউন্সিলার জমা দেননি বলে অভিযোগ। তার পরে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। কিন্তু তার পরে এতদিন কেন তাঁকে গ্রেপ্তার করা হয়নি, সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।
পূজালি পুরসভা বজবজ বিধানসভা এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে গোটা বাংলায় তৃণমূলের ব্যাপক ভরাডুবি হলেও বজবজ বিধানসভা কেন্দ্রে ৪৬,৮৫০ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী অশোককুমার দেব। রাজ্যে পালাবদলের দু’দিনের মধ্যেই সক্রিয় ভূমিকায় পুলিশ।