• ‘২০১১-এর পরিবর্তনে ছিলাম, এ বার আসল পরিবর্তনে থাকলাম’, নন্দীগ্রামে গিয়ে কী বার্তা শুভেন্দুর?
    এই সময় | ০৬ মে ২০২৬
  • জয়ের পরে বুধবার সকালে নন্দীগ্রামে বিজেপির কার্যালয়ে হাজির হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেন তিনি। বিজেপির কার্যালয়ে কর্মী, সমর্থদের উচ্ছ্বাসের মধ্যে শুভেন্দু বলেন, ‘আমি এগারোর (২০১১) পরিবর্তনে ছিলাম, এ বার আসল পরিবর্তনে থাকলাম।’

    ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দু’টি কেন্দ্র থেকে লড়েছিলেন শুভেন্দু অধিকারী। দু’টি আসনেই ভালো ব্যবধানে জয় হয়েছে তাঁর। সেক্ষেত্রে একটি কেন্দ্র থেকেই বিধায়ক থাকতে পারবেন তিনি। এ বিষয়ে শুভেন্দু বলেন, ‘আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন, সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাঁদের কাছেই দেব। ১০ দিনের মধ্যে যে কোনও একটা সিট ছাড়তে হবে। তবে দু’টি কেন্দ্রেই আমি আমার কর্তব্য থেকে সরে যাব না। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত মেনে নেব।’

    ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা আসনেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরা। এ বার ১৬-০ হয়েছে এই জেলায়। গতবারের থেকে এই নির্বাচনে ভোট শতাংশ অনেকটা বাড়িয়ে নিতে পেরেছে বিজেপি বলে জানান শুভেন্দু। তাঁর কথায়, ‘আমরা ৩৯ শতাংশ ভোট লোকসভায় পেয়েছিলাম। এ বার গোটা রাজ্যে প্রায় ৪৬ শতাংশ পেয়েছি। আগামী এক বছরের মধ্যে সরকার এবং দল এত ভালো কাজ করবে, যাতে আগামী দিনে আমরা ৬০ শতাংশ বেশি মানুষের ভোট পেতে পারি। এ বার পূর্ব মেদিনীপুর জেলায় ১৬-০ হয়েছে। ৫৬ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে।’

    সরকার গঠনের পরেই নন্দীগ্রাম এলাকার বেশ কিছু উন্নয়নমূলক কাজ শুরু হবে আশ্বাস নন্দীগ্রামের বিধায়কের। শুভেন্দু জানান, হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেব ব্রিজ করে। মহিষাদলে রেসিডেন্সিয়াল আধুনিক স্কুল বানাব। সোনাচূড়াতে আইটিআই করা হবে। নন্দীগ্রাম ১ যাতে দু’বার ধান চাষ হতে পারে, সেই ব্যবস্থা করা হবে। কর্মীদের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিরোধীদের পার্টি অফিসে হাত না দেওয়ার বার্তা দেন শুভেন্দু। কর্মীদের বার্তা, আগামী ৯ তারিখের পরে পুলিশের অনুমতি নিয়ে এলাকায় বিজয় মিছিল করবেন। এখন এই দু-তিন দিন বিজয় মিছিল করবেন না।

  • Link to this news (এই সময়)