ভোটের ফল ঘোষণার পরের দিনই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। জুগিনন্দা এলাকায় আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) এক সমর্থককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্তের নাম শফিকুল ইসলাম। মঙ্গলবার রাতে তাঁর উপরে অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এলাকার তৃণমূল সমর্থক মধু শেখ ও তার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছন গ্রামবাসীরা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় শফিকুলকে উদ্ধার করেন। পরে খবর দেওয়া হয় ডোমকল থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বাহিনী। পুলিশ জখম শফিকুলকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে শফিকুলের শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, শফিকুলের জখম বেশ গুরুতর।
ঘটনায় মূল অভিযুক্ত মধু শেখের বেশ কয়কেজন অনুগামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। তবে এখনও পলাতক মূল অভিযুক্ত মধু শেখ। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না। ঘটনার পর থেকেই থমথমে হয়ে রয়েছে জুগিনন্দা এলাকা। সেখানে যাতে নতুন করে আর অশান্তি না ছড়ায়, সেই করণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।
ডোমকলের SDPO শুভম বাজাজ বলেন, ‘ঘটনায় একটি FIR দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে এখনও পর্যন্ত ছ'জন গ্রেপ্তার হয়েছে। এ ছাড়াও, বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। ধৃতদের জেরা করা হচ্ছে।’
তৃণমূলের ডোমকল শহর সভাপতি কামরুজ্জামান শেখ বলেন, ‘জয়লাভ করার পরে বাজি-পটকা ফাটিয়ে আনন্দ করছিল। সেই সময়ে একটা বাজি ওই এলাকার তৃণমূলের কর্মী মধুর বাড়িতে গিয়ে পড়ে। তার পরে গুলি চলে বলে শুনেছি। এ বার পুলিশ তদন্ত করে দেখুক আসল ঘটনা ঠিক কী।’
ডোমকলে সিপিএমের জয়ী বিধায়ক মুস্তাফিজুর রহমান বলেন, ‘আম জনতা উন্নয়ন পার্টির সমর্থক হলেও শফিকুল সিপিএমের হয়ে ভোট করেছে। ঘটনার দিন রাতে খিচুড়ি রান্না করে খাওয়া-দাওয়া চলছিল। খাওয়া শেষ করে বাড়ি যাওয়ার পথে তৃণমূলের মদতে থাকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনার পিছনে রাজনীতি নাকি অন্য কোনও কারণ, তা আমার জানা নেই।’