• পোলবায় গণ প্রহারে যুবকের মৃত্যু, আহত এক
    আজকাল | ০৬ মে ২০২৬
  • মিল্টন সেন, হুগলি: ভোটের ফল ঘোষণা হতেই একের পর এক সংঘর্ষের খবর সামনে আসছে। বিভিন্ন জেলায় দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে। এ বার পোলবায় আক্রান্ত দুই যুবক। অভিযোগ, তৃণমূল সমর্থকদের উপর আক্রমণ চালানো হয়েছে। তবে এটি কোনও রাজনৈতিক হিংসার ঘটনা, নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্তদের একজন ইতিমধ্যেই মৃত। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

    জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পোলবার মহানাদ গ্রামে। দুপুরে বাড়ির কাছেই গিয়েছিলেন দুই যুবক, সোমনাথ ভট্টাচার্য ও শ্রীকান্ত মালিক। সেখানে হঠাৎ কয়েকজন উন্মত্ত অবস্থায় হাজির হন। আর তারপর কোনও প্ররোচনা ছাড়াই ব্যাপক মারধোর শুরু হয়। আহত অবস্থায় দু'জনকে প্রথমে পোলবা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু'জনকে কলকাতায় নিয়ে আসা হয়। ভর্তি করা হয় আরজি কর মেডিকেল কলেজে। সকালে হাসপাতালেই মৃত্যু হয় সোমনাথের। আক্রান্ত শ্রীকান্ত মালিক এখনও চিকিৎসাধীন ওই হাসপাতালেই।

    সোমনাথের বাবা কাশীনাথ ভট্টাচার্য বলেন, "সকালে মাংস নিয়ে বাড়ি এল ছেলে। তারপর একটু বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর দুপুরবেলা ফিরে এসে বলছে ওকে মেরেছে। তারপর আর কোনও কথা বলার ক্ষমতা ছিল না। তাই জলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওকে। কারা মেরেছে সেটা আমরা দেখিনি। ছেলে তো কোনও পার্টি করত না। তবে তৃণমূলের সমর্থক ছিল। গ্রামে একটা জায়গায় গন্ডগোল হচ্ছিল, সেটা দেখতে গিয়েছিল। তখন সেখানেই ওদের দুজনকে মারধর করা হয়। যে আহত আছে সে পুলিশকে সব জানিয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ছেলের সঙ্গে কারও কোনও গন্ডগোল বা অশান্তি ছিল না। কেন এরকম হল জানিনা!"

    ইতিমধ্যে, ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকা উত্তপ্ত থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। আধা-সামরিক বাহিনীও মোতায়েন রয়েছে। হুগলি গ্রামীন পুলিশ সুপার সানি রাজ জানিয়েছেন, মহানাদের ঘটনার সঙ্গে ভোট পরবর্তী হিংসার কোনও যোগ নেই। পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ জানানো হয়েছে তার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, আক্রান্তরা এক সঙ্গে বসে মদ খাচ্ছিল। নিজেদের মধ্যে ঝামেলার পরই এই ঘটনা ঘটে।

    অন্য দিকে, ভোটের ফল প্রকাশের পরই রক্তাক্ত মুর্শিদাবাদের ডোমকল। নির্বাচন সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আম জনতা উন্নয়ন পার্টির এক সমর্থককে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত এক দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত জুগিন্দা রথতলা পাড়া এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই আম জনতা উন্নয়ন পার্টি সমর্থকের নাম শফিকুল ইসলাম( ৪০)। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আম জনতা উন্নয়ন পার্টির ওই সমর্থকদের গলার কাছে গুলি লেগেছে। 
  • Link to this news (আজকাল)