আজকাল ওয়েবডেস্ক: ক্ষমতার হাতবদলের সঙ্গে বদলে যাচ্ছে দেওয়ালের রংও। অতীতে রাজ্যের বহু জায়গায় লাল রং বদলে হয়েছিল নীল-সাদা। এবার সেই নীল-সাদা কি গেরুয়ায় রূপ নিচ্ছে? বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। তার আগেই বিভিন্ন জায়গায় রঙের পরিবর্তন চোখে পড়ছে। সেই আবহেই শিলিগুড়ির ‘মমতা মন্দির’-এর দেওয়ালের রংও নীল-সাদা থেকে গেরুয়ায় বদলে গেছে।
শিলিগুড়ি শহরের এই ‘মমতা মন্দির’ এখন বিতর্কের কেন্দ্রে। তৃণমূলের শাসনকালে শহরের ৩৪ নম্বর ওয়ার্ডে একটি বাড়িকে সমাজকল্যাণমূলক ওয়েলফেয়ার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম অনুসারে তার নাম রাখা হয় ‘মমতা মন্দির’। একতলা ওই বাড়ির দেওয়াল ছিল নীল-সাদা রঙে রাঙানো। কিন্তু সরকার বদলের পর সেই রং বদলে গেরুয়া করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি, নাম বদলে ‘রামভবন’ রাখার কথাও শোনা যাচ্ছে। যদিও বিজেপি সূত্রে দাবি, এটি ওয়েলফেয়ার কেন্দ্র হিসেবেই চালু থাকবে।
এবারের নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে শঙ্কর ঘোষ পুনরায় বিপুল ভোটে জয়ী হয়েছেন। রাজ্যজুড়ে বিজেপি ২০৭টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে। সেই প্রেক্ষাপটে অভিযোগ উঠেছে, ‘মমতা মন্দির’ নামের ওই কেন্দ্রটি দখল করা হয়েছে। শুধু রং পরিবর্তনই নয়, সেখানে বিজেপির পতাকাও টাঙানো হয়েছে বলে দাবি।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতর তুঙ্গে। ‘মমতা মন্দির’-এর চেয়ারম্যান তাণ্ডব মুখোপাধ্যায় জানিয়েছেন, এটি একটি সমাজকল্যাণমূলক কেন্দ্র ছিল। শুধুমাত্র নামের কারণে সেখানে ভাঙচুর ও রং পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ তাঁর। এমনকি জায়গাটি দখল করে নেওয়ার কথাও তিনি দাবি করেছেন।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে।
অন্যদিকে, বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি শ্যামল বিশ্বশর্মা পাল্টা দাবি করেছেন, ওই জায়গাটি কোনও সক্রিয় ওয়েলফেয়ার কেন্দ্র ছিল না। বরং সেখানে রাতে আড্ডা ও নেশার আসর বসত। স্থানীয় বাসিন্দারাও কোনও বাস্তব সুবিধা পেতেন না বলে তাঁর অভিযোগ। তৃণমূলের আমলেই জায়গাটি দখল করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, ওই কেন্দ্রের নতুন নাম ‘রামভবন’ রাখা হবে বলেও জানান।