পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের প্রেক্ষাপটে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। দলীয় সূত্রে ইঙ্গিত মিলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সম্মতিতেই শুভেন্দু অধিকারী এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও জয়ী হয়ে তিনি দলের ভিতরে নিজের অবস্থান আরও মজবুত করেছেন। পাশাপাশি, বঙ্গ বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাও তাঁর উপর রয়েছে।
বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন করতেই বুধবার কলকাতায় আসছেন অমিত শাহ। এই দায়িত্বে তাঁকে পর্যবেক্ষক করা হয়েছে, আর সহকারী পর্যবেক্ষক হিসেবে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। পরিষদীয় দলনেতা যিনি নির্বাচিত হবেন, তিনিই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন—ফলে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
যদিও শুভেন্দু অধিকারীর নামই সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে, তবু অন্য কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন স্বপন দাশগুপ্ত, মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ এবং শমীক ভট্টাচার্য। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দু’বার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কারণে শুভেন্দুই কেন্দ্রীয় নেতৃত্বের প্রথম পছন্দ।
সূত্রের খবর, ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে, যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই তারিখ বেছে নেওয়ার মধ্যে সাংস্কৃতিক বার্তাও রয়েছে বলে মনে করা হচ্ছে। ব্রিগেড ময়দান শপথ নেওয়া হবে বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। ফলে নিরাপত্তা ও স্থান নির্বাচনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে, পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা এখন সময়ের অপেক্ষা।