• ‘বিজেপির তৃণমূলীকরণ হতে দেওয়া হবে না’, ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা শমীকের
    প্রতিদিন | ০৬ মে ২০২৬
  • বিজেপির তৃণমূলীকরণ হতে দেওয়া হবে না। ভোটের পর বিভিন্ন জায়গায় হিংসা নিয়ে কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। ভোটের ফলাফল প্রকাশ হতেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। কোথাও তৃণমূলের অফিসে ভাঙচুরের ঘটনা, কোথাও আবার আক্রান্ত হতে হচ্ছে তৃণমূল নেতা-কর্মীদের। এমনকী বঙ্গজয়ের পরেও বিজেপির দুই কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আজ, বুধবার স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শমীক। সেখানে কড়া হাতে পরিস্থিতি যাতে সামাল দেওয়া হয় সেই আবেদন জানান তিনি।

    বৈঠক শেষে নবান্নে সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য জানান, অশান্তি রুখতে মঙ্গলবার রাতেই রাজ্য পুলিশের ডিজি, পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আজ স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও কথা হয়েছে। রাজ্য সভাপতি বলেন, ”আমাদের দু’জন কর্মীর শহিদ হয়েছেন। জিতেছি আমরা। ফলটা উলটো হলে এতক্ষনে আমাদের দুশো কর্মী খুন হয়ে যেত। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলে অনেকেই রাতারাতি হাতে  ফ্ল্যাগ নিয়ে, মাথায় গেরুয়া ফেট্টি লাগিয়ে তৃণমূলের অফিস দখল করছেন। তালা লাগাচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি এখানে পুরসভা, পঞ্চায়েত দখল চলবে না।” যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকবে তাঁদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা স্বরাষ্ট্রসচিবকে জানানো হয়েছে বলে জানান শমীক ভট্টাচার্য।

    শুধু তাই নয়, এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ”পশ্চিমবঙ্গের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। এই জয় মানুষের জয়। প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন। এটা কোনওভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।” কেউ কেউ অশান্তি পাকানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ শমীকের। বলে রাখা প্রয়োজন, এদিনই ভোটের পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। এদিন সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, কড়া হাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)