জয়ী প্রার্থীদের নিয়ে বুধবার বিকেলে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এ দিনের বৈঠকে মমতা জানান, ১০০টির বেশি আসনে ‘জোর করে হারিয়ে’ দেওয়া হয়েছে। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তৃণমূল নেত্রী। পাশাপাশি, জয়ী প্রার্থীদের নিজের এলাকায় থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। দলের একটি শৃঙ্খলা রক্ষা কমিটি গড়েও দেন তৃণমূল সুপ্রিমো। এই কমিটিতে আছে ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শুভাশিস চক্রবর্তী ও অসীমা পাত্র।
মঙ্গলবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে মমতা আগেই দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি পদত্যাগ করবেন না। ভোটে ‘অনৈতিক’ ভাবে হারানো হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। এ দিন জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকেও সেই একই বার্তা দেন তিনি। পাশাপাশি, বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস আদালতের দ্বারস্থ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এ দিনের মিটিংয়ে কাজল শেখ, বায়রন বিশ্বাস-সহ বেশ কয়েকজন জয়ী প্রার্থীরা হাজির ছিলেন না বলে খবর।
তৃণমূলের সূত্রের খবর, বৈঠকে মমতা বলেন, ‘আমি পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছি। রাষ্ট্রপতি শাসন করলে করুক। রেকর্ড থাক। আমাকে বরখাস্ত করলে করুক। বরখাস্ত হলে কালো দিন হিসেবে রেকর্ড থাক।’ তবে রাজ্যে হারলেও আগামী দিনে ‘দিল্লি’ টার্গেট করবে তৃণমূল কংগ্রেস। ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গে টিম হিসেবে কাজ করতে হবে বলে এ দিন জানান মমতা।
ভবানীপুর আসন থেকে ১৫,১০৫টি ভোটে হারতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী থাকাকালীন কর্মব্যস্ততার পরে এখন হাতে অনেকটাই সময়। রাজনীতির পাশাপাশি আইনজীবী তিনি কাজ চালিয়ে যাবেন বলে এ দিন জয়ী প্রার্থীদের সভায় জানান তিনি।