আজকাল ওয়েবডেস্ক: দখল হওয়া তৃণমূলের দলীয় কার্যালয় ফিরিয়ে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। দলীয় কার্যালয় ফিরে পেয়ে আবেগে কেঁদে ফেললেন তৃণমূল কর্মী। মিষ্টি বিতরণ করে সকলকে শুভেচ্ছা জানালেন বিজেপি বিধায়ক।
রাজ্যে গেরুয়া ঝড় উঠতেই দেখে দেখে তৃণমূলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ আসছিল। তারপরেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট বার্তা দিয়েছেন কোনওভাবেই এই ধরনের অন্যায় মেনে নেওয়া যাবে না। দলীয় সভাপতির নির্দেশে বিজেপি বিধায়করা তৃণমূলের দলীয় কার্যালয় ফিরিয়ে দিচ্ছেন। দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকাতেও তৃণমূলের একটি দলীয় কার্যালয় ছিল। সেই কার্যালয় দখল করে বিজেপির ঝান্ডা লাগিয়ে দিয়েছিল বিজেপির কর্মীরা। এই অভিযোগ সামনে আসতেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই পলাশডিহা এলাকায় পৌঁছে তৃণমূলের দলীয় কার্যালয় ফিরিয়ে দেন।
চাবি খুলে তৃণমূলের দলীয় ঝান্ডা সসম্মানে ফিরিয়ে দিতেও দেখা যায় তাঁকে। বিজেপি বিধায়কের এই কর্মকাণ্ডে আবেগে কেঁদে ফেললেন তৃণমূল কর্মী। লক্ষ্মণ ঘোরুই বলেন, ‘যেখানে যা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি আমরা। এইখানেও তৃণমূলের দলীয় কার্যালয় আমরা ফিরিয়ে দিলাম।’ সঙ্গে মিষ্টি বিতরণ করা হয়। তৃণমূল কর্মী সমীর আনসারী বলেন, ‘আমি নিজের হাতে এই কার্যালয় গড়ে তুলেছিলাম। ভুল বোঝাবুঝির জন্য আমাদের কার্যালয় দখল হয়েছিল। বিধায়ক ফিরিয়ে দিলেন। আমি খুব খুশি।’