• বৈঠকে গরহাজির নয় বিধায়ক
    আজকাল | ০৭ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলায় ভোটে ভরাডুবি হয়েছে। তৃণমূল হেরে গিয়েছে। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছে বিজেপি। এই যখন পরিস্থিতি তখন জয়ী ৮০ বিধায়ক–কে বুধবার কালীঘাটে বৈঠকে ডেকেছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু অনুপস্থিত ছিলেন নয় জন। যা নিয়ে জল্পনা ছড়িয়েছে। এই বিষয়ে কারণ ব্যাখ্যা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে খবর, বলা হয়েছে, বুধবারের সভায় কয়েকজন বিধায়ক উপস্থিত না হওয়ায় সংবাদমাধ্যমে জল্পনামূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে অনুগ্রহ করে লক্ষ্য করুন–অনুপস্থিত সকল বিধায়ক আগেই তাঁদের অনুপস্থিতির কথা জানিয়েছিলেন অথবা তাঁদের মধ্যে কয়েকজনকে, বিশেষ করে উত্তরবঙ্গ এলাকা থেকে, না আসার জন্য বলা হয়েছিল। সাগরদিঘির বিধায়কের পারিবারিক জরুরি চিকিৎসা প্রয়োজন হয়েছিল। বীরভূমে, নির্বাচন–পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা করার জন্য কাজল দেবকে আসতে বারণ করা হয়েছিল। 

    তবে জানা গিয়েছে, মধ্যমগ্রামের বিধায়ক শারীরিক সমস্যার জন্য আসতে পারেননি। অন্যদিকে, বুধবার বৈঠক চলাকালীনই কলকাতা বন্দরের জয়ী প্রার্থী ফিরহাদ হাকিমের কনভয়ের গাড়ি সরিয়ে নেওয়া হয় বলে জানা গিয়েছে। ববি হাকিমের কনভয়ের এই গাড়ি দিয়েছিল ডাইরেক্টর সিকিউরিটি। সেই গাড়িগুলিই সরিয়ে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এতদিন ফিরহাদ হাকিম পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং মেয়র হিসেবে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। মোট ৮ জন নিরাপত্তারক্ষী ও ২ জন পিএসও। তবে এখন তিনি মন্ত্রী থাকবেন না, তাই নিরাপত্তা কাটছাঁট করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, অরূপ বিশ্বাসের সঙ্গে থাকা দুটি গাড়িও সরিয়ে নেওয়া হয়েছে এদিন।
  • Link to this news (আজকাল)