• বিজেপির শপথ অনুষ্ঠানে আসছেন কারা?‌
    আজকাল | ০৭ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার ব্রিগেডে হবে বিজেপি সরকারের শপথগ্রহণ। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তো থাকছেনই। থাকতে পারেন রাজনাথ সিং, নীতীন গডকড়ি, জেপি নাড্ডাদের মতো ব্যক্তিত্বরাও। থাকবেন বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীও।

    এর পাশাপাশি অন্যান্য বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও ব্রিগেডে হাজির করার কথা ভাবা হচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়া এখন ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপির সরকার রয়েছে। প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হতে পারে শনিবারের ব্রিগেডে। 

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সৈনী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব–সহ যাঁরা পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন, তাঁদের সকলকেই শপথের মঞ্চে হাজির করার চেষ্টা চলছে।

    নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় সেদিন বিশেষ নিরাপত্তা থাকছে। কলকাতা পুলিশের তরফে তিন হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার নিজে এবং অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার স্তরের আধিকারিকরাও রাস্তায় নামছেন। ব্রিগেড ময়দান–সহ সংলগ্ন এলাকাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে আলাদা আলাদা টিমকে নজরদারির দায়িত্বে রাখা হবে। আশপাশের উঁচু বাড়িগুলি থেকে নজরদারি চলবে। নজরদারি চলবে আকাশ থেকেও। মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনীও।

    জানা গিয়েছে, গোটা ব্রিগেডকে ভাগ করা হয়েছে ৩০টি সেক্টরে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটি কমিশনার বা অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশকর্তা। তাঁদের সঙ্গে থাকবেন একাধিক ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এএসআই ও কয়েকজন করে কনস্টেবল। পুরো ব্রিগেডের নিরাপত্তার দায়িত্বে থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার পুলিশকর্তারা।

    ব্রিগেডে বসানো হবে পর্যাপ্ত সংখ‌্যক ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর ও পুলিশকর্মীদের হাতে থাকবে হ‌্যান্ড মেটাল ডিটেক্টর। কেউ যাতে ব্রিগেডে বেআইনি অস্ত্র নিয়ে ঢুকতে না পারে, তার বিশেষ চেকিং ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেডের গোটা এলাকাজুড়ে পর্যাপ্ত সংখ‌্যক সিসিটিভির ক‌্যামেরা বসানো হবে। কোন কোন জায়গায় গাড়ি পার্ক করা হবে, সেই ব‌্যাপারেও পুলিশ নির্দেশিকা জারি করবে। এছাড়াও শনিবার ব্রিগেড সংলগ্ন রাস্তাগুলিতে যানজট এড়াতে প্রয়োজনমতো অন্য রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

    রবীন্দ্রজয়ন্তীতে শপথ। ফলে রবীন্দ্রসঙ্গীত তথা সাংস্কৃতিক উপস্থপনা নিয়েও নানা পরিকল্পনা চলছে। মূল মঞ্চের পাশাপাশি আলাদা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করার কথা প্রাথমিক ভাবে ভাবা হয়েছে। ‘ভিভিআইপি’ আমন্ত্রিতরা মূল মঞ্চেই থাকবেন। মঞ্চের সামনের কিছুটা অংশে থাকবে বিশিষ্ট অতিথিদের বসার ব্যবস্থা। তবে গোটা দর্শকাসন জুড়েই চেয়ার পেতে বসার ব্যবস্থা করার কথা ভাবা হয়েছে। জানা গিয়েছে সকাল দশটা থেকে শুরু হয়ে যাবে শপথগ্রহণ অনুষ্ঠান। ‌
  • Link to this news (আজকাল)