কবে থেকে কেন্দ্রীয় হারে DA পাবেন রাজ্যের সরকারি কর্মীরা? জানালেন BJP সংগঠনের সভাপতি
আজ তক | ০৭ মে ২০২৬
বাংলায় ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন লাগু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ। ২০৭ আসনে জিতেছে BJP। এবার ক্যাবিনেট গঠন কেবল সময়ের অপেক্ষা। আর তার মাঝেই রাজ্যের সরকারি কর্মীদের মনে প্রশ্ন, কবে থেকে কেন্দ্রীয় হারে মিলবে DA?
অনেকের মতে, পে কমিশনের আগেই কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা হতে পারে। কেউ কেউ আবার বলছেন, বকেয়া ডিএ, যা কোর্টের নির্দেশে রাজ্যের দেওয়ার কথা, তাও সর্বস্তরের কর্মী এবং পেনশনারদের একাকালীন দিয়ে দেওয়া হতে পারে। হিসাব চলছে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ধরেও। bangla.aajtak.in-কে বিষয়টি ব্যাখ্যা করলেন BJP-র রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল। তিনি বলেন, 'আমাদের যেটা সপ্তম বেতন কমিশন, সেটা কেন্দ্রের অষ্টম। কারণ ৭২ সালে যখন সিদ্ধার্থ শঙ্কর রায় ক্ষমতায় আসেন তখন দ্বিতীয় বেতন কমিশন বসানোর কথা ছিল। কিন্তু তিনি বসাননি। কেন্দ্রে বসে গিয়েছিল। উনি কেবল সিলেকশন রেট করে দিয়ে স্কেল বাড়িয়ে দিয়েছিলেন। এরপর জ্যোতি বসুর সরকার দ্বিতীয় পে কমিশন করেন, ততক্ষণে কেন্দ্রের তৃতীয় পে কমিশন হয়ে গিয়েছে। রিভিশন অফ স্কেল প্রায় সমান।'
সপ্তম বেতন কমিশনে যে টাকা বাড়বে, সমপরিমাণ টাকা যতক্ষণ না অষ্টম বেতন কমিশনে কেন্দ্র বাড়াচ্ছে, ততক্ষণ এ রাজ্যে লাগু করা সম্ভব নয়। এমনটাই জানাচ্ছেন দেবাশিস শীল। তিনি বলেন, 'একটা পে কমিশন বসলে ৪ বছরের আগে রিপোর্ট যেত না। এটা আর হবে না। কেন্দ্রীয় সরকার ৪৫-৫০ দিনের মধ্যে লাগু করলে আমাদেরও সেই একই সময়ে হবে।'
দেবাশিস শীল আরও বলেন, 'সমস্ত বকেয়া DA একবারে দিয়ে দেওয়া হবে, সেটা আশা করা অনুচিত। এত পরিমাণ করের বোঝা নিয়ে নতুন সরকারের পক্ষে একাকালীন বকেয়া DA দিয়ে দেওয়া সম্ভব হবে না হয়তো। তবে এটুকু ঠিক, ধীরে ধীরে ব্যাকলগ মিটিয়ে দেওয়া হবে। সর্বোপরি কেন্দ্রীয় হারেই রাজ্যের DA-ও বাড়বে।' বর্তমানে কেন্দ্র ও রাজ্যের DA-এর ফারাক ৪২ শতাংশ।
পাশাপাশি, সরকারি আধিকারিকদের একটা বড় অংশের মতে, ৪ শতাংশ DA নিয়েও প্রশ্ন রয়েছে। চলতি বছর অন্তর্বর্তী বাজেটে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। ১ এপ্রিল থেকে ৪ শতাংশ হারে DA বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের, এমন আশা থাকলেও বাস্তবে তা হয়নি। তা নিয়ে এখনও অর্ডার হয়নি। ফলে নতুন সরকার এসে এই ৪ শতাংশ DA নির্দেশ কার্যকর করবে নাকি নতুন হারে DA দেবে তা নিয়েও চর্চা চলছে। দেবাশিস শীল বলেন, 'নতুন সরকার DA নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছে, তা রাখবে বলেই আমাদের বিশ্বাস।'
উল্লেখ্য, বুধবার, ৬ মে সুপ্রিম কোর্টে DA মামলার একটি বিশেষ বেঞ্চে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তার ঠিক আগের দিন রাজ্যের পক্ষ থেকে এই শুনানি পিছিয়ে দেওয়ার জন্য শীর্ষ আদালতে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর।