‘রাষ্ট্রপতি শাসন হলে হোক’, ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!
প্রতিদিন | ০৭ মে ২০২৬
ভোটের ফলপ্রকাশের পরদিনই জানিয়েছিলেন পদত্যাগ করবেন না তিনি। বুধবার একই অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন জয়ী প্রার্থীদের সঙ্গে কালীঘাটে বৈঠক করেন তৃণমূলনেত্রী। সাফ জানিয়ে দেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।” নতুন সরকারের শপথের দিন দলীয় কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশও দেন তিনি।
নির্বাচন কমিশনের তরফে জানানো ভোটের ফলাফল অনুযায়ী ছাব্বিশের ভোটে ২০৭ আসনে জয়ী বিজেপি। হেরে গিয়েছে তৃণমূল। অথচ ভোটের ফল মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা রয়েছে তাঁর। এই প্রসঙ্গে মমতা আরও বলেন, “আদালতে আমি, চন্দ্রিমা আবার আদালতে প্র্যাকট্রিস করব। নানা মামলা যা হচ্ছে আমি, চন্দ্রিমা, বিপ্লব মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায় সবাই আইনজীবী হিসাবে দেখব।” এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষের স্বার্থে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করেন মমতা।
এদিকে, এদিনের বৈঠকে দলের ‘দুঃসময়ে’ সকলকে আরও একজোট হয়ে চলার বার্তা দেন তৃণমূলনেত্রী। দলীয় নেতা-কর্মীদের একাংশের মতে, এমন ভরাডুবির নেপথ্যে রয়েছে অন্তর্ঘাত। সেকথা মাথায় রেখে এদিন মমতা বলেন, “যে বা যারা অন্তর্ঘাত করছে তাদের নাম দিন।” দল যে ভিতর থেকে ভাঙছে, তার বোধহয় প্রাথমিক ইঙ্গিত পেয়েছেন মমতা। দলে ভাঙনের আশঙ্কা যে প্রবল মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে প্রকাশ করেছিলেন। তবে বরাবরের ‘লড়াকু’ নেত্রী আত্মবিশ্বাসী, একদিন না একদিন দল ঠিক ঘুরে দাঁড়াবেই। তাঁর কথায়, “আমিও একসময় একা ছিলাম। ঘুরে দাঁড়িয়েছি। দল ঘুরে দাঁড়াবেই।”
ভোটে বিপর্যয়ের পর থেকেই কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আগামী সপ্তাহে সেসব এলাকায় যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোট পরবর্তী হিংসা হচ্ছে। যেখানে অভিযোগ নিচ্ছে না, সেখানে অনলাইনে অভিযোগ জানান।” আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তাও করছেন তিনি। অভিষেকের কথা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দল দেখবেন। আর অভিষেক অনুগত ‘সেনাপতি’র মতো থাকবেন তাঁর পাশেই।