‘অভিষেক অনেক লড়াই করেছে’, জয়ী প্রার্থীদের উঠে দাঁড়িয়ে সম্মান জানানোর নির্দেশ মমতার
প্রতিদিন | ০৭ মে ২০২৬
ছাব্বিশের নির্বাচনে বিজেপির কাছে ভরাডুবি হয়েছে তৃণমূলের। তার ফলে সরকার গঠনে ব্যর্থ একদা শাসক শিবির। তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই অভিযোগের আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তবে তা সত্ত্বেও বুধবার কালীঘাটে জয়ী প্রার্থীদের বৈঠকে উঠে দাঁড়িয়ে অভিষেককে সম্মান জানানোর নির্দেশ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ভোটের ফলপ্রকাশের পর মঙ্গলবার কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৪ টি আসনের মধ্যে ছাব্বিশের নির্বাচনে ৮০ তে এসে ঠেকেছে তৃণমূলের দখলে থাকা আসন সংখ্যা। হবু বিধায়কদের শপথগ্রহণের আগেই আজ তৃণমূল দলনেত্রীর ডাকে বৈঠকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, এদিন কালীঘাটের বৈঠকে গরহাজির ছিলেন অন্তত ৯ জয়ী প্রার্থী! তা নিয়েই ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। তবে তার মাঝেই ঘটে অভাবনীয় কাণ্ড। সূত্রের খবর, এদিন বৈঠকের মাঝে মমতা অভিষেকের পরিশ্রম নিয়ে কথা বলতে শুরু করেন। ভোটের আগে ঠিক কীভাবে দলের জন্য কাজ করে গিয়েছেন তিনি তা নিয়ে কথা বলেন। এরপরই সকলকে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের কথাও বলেন। সেই অনুযায়ী সকলেই উঠে দাঁড়ান। তালিকায় ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং জাভেদ খানেদের মতো বর্ষীয়ান নেতারাও।
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে নানা বিশ্লেষণ। ইতিমধ্যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রবীন্দ্রনাথ ঘোষ এবং কোহিনুর মজুমদার ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সুর চড়ান। অভিষেকের ‘ব্যর্থতা’য় দলে এমন ভরাডুবি বলেই দাবি করা হয়। তারপরই দলের তরফে বিবৃতি জারিও করা হয়। অভিষেকের বিরুদ্ধে কোনওপ্রকার সমালোচনা, ক্ষোভপ্রকাশ বরদাস্ত নয় বলেই বিবৃতি জারি করে জানানো হয়। আবার এদিকে, মমতার দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের বার্তার পর স্বাভাবিকভাবেই স্পষ্ট যে এখনও অভিষেকের উপর পূর্ণ আস্থাশীল মমতা বন্দ্যোপাধ্য়ায়।