• কলকাতায় ভাঙচুর-হিংসায় ধৃত ৮০, বিনা অনুমতিতে মিছিলে নিষেধাজ্ঞা, চালু কনট্রোল রুম
    বর্তমান | ০৭ মে ২০২৬
  • কলকাতা, ৬ মে: শহরে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা রুখতে আরো কড়া অবস্থান নিল লালবাজার। পুলিশের আগাম অনুমতি ছাড়া কোনো মিছিল করা যাবে না। বুধবার সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট জানালেন পুলিশ কমিশনার অজয় নন্দা। তিনি আরও জানান, অশান্তি ছড়ানোর অভিযোগে ইতিমধ্যে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

    গত সোমবার বঙ্গের ভোট-চিত্র স্পষ্ট হওয়ার পর থেকে বিভিন্ন স্থান থেকে অশান্তির খবর সামনে আসছে। ব্যতিক্রম নয় কলকাতা। রাজ্যজুড়ে এমন অবাঞ্ছিত ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার। পরিস্থিতি মোকাবিলার জন্য নবান্নের শীর্ষকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। 

    দিল্লির নির্বাচন সদন থেকে এই নির্দেশ আসার কয়েক ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার। পাশাপাশি গুজবে কান না দেওয়ার জন্যও সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন তিনি। সিপি বলেন, ‘আমাদের ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে। হিংসার পরিবেশ তৈরির চেষ্টা হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে। শহরে ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। টহল দিচ্ছে ৪০টি ক্যুইক রেসপন্স টিম। এছাড়া ৩০০-র বেশি পুলিশ প্রস্তুত আছেন।’

    তিনি আরো বলেন, ‘পুলিশের অনুমতি ছাড়া কোনো মিছিল করা যাবে ন। বুলডোজার নিয়ে মিছিল করা যাবে না। বুলডোজার ভাড়া না দেওয়ার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’
  • Link to this news (বর্তমান)