• Chandranath Rath TMC reaction: চন্দ্রনাথ রথ খুনে CBI তদন্তের দাবি তৃণমূলের!
    এই সময় | ০৭ মে ২০২৬
  • ভোট পরবর্তী আবহে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। বুধবার রাতে মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন BJP-র জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। গুলিবিদ্ধ হয়েছেন তাঁর গাড়ির চালকও। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। উত্তেজিত BJP কর্মী-সমর্থকদের দাবি, এর পিছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। এই পরিস্থিতিতে, এই ঘটনার প্রেক্ষিতে তড়িঘড়ি প্রতিক্রিয়া দিল তৃণমূল কংগ্রেস। আদালতের নজরদারিতে এই ঘটনার CBI তদন্তের দাবি জানিয়েছে ঘাসফুল শিবির।

    সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে এই হত্যাকাণ্ডের পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীদের মৃত্যুর প্রসঙ্গ টেনে BJP-কে নিশানা করেছে তারা। তৃণমূল বলেছে, ‘আজ রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। সেই সঙ্গে গত তিন দিনে আদর্শ আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও BJP আশ্রিত দুষ্কৃতীদের হাতে ভোট পরবর্তী হিংসায় আমাদের তিনজন কর্মীর খুনের ঘটনারও তীব্র প্রতিবাদ করছি। আমরা এই বিষয়ে কড়া পদক্ষেপ এবং আদালতের নজরদারিতে CBI তদন্তের দাবি জানাচ্ছি, যাতে দোষীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা যায়। গণতন্ত্রে হিংসা ও রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনও জায়গা নেই এবং দোষীদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত।’

    বাম আমলে এই ধরনের কোনও ঘটনা ঘটলেই CBI তদন্তের দাবি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ১৫ বছরের শাসনকালে বারংবার বিরোধীদের এই দাবি করতে শোনা গিয়েছে। এ বার ক্ষমতা যাওয়ার পরে ফের একবার CBI তদন্তের দাবি জানাতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে।

    পুলিশ ও BJP সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক হিসেবে কাজ করতেন চন্দ্রনাথ রথ। বুধবার রাতে মধ্যমগ্রামে তাঁর গাড়ি ঘিরে ধরে আচমকা পরপর তিনটি গুলি চালায় একদল দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। এই হামলায় আহত হয়েছেন তাঁর গাড়ির চালকও। বর্তমানে তিনি গুলিবিদ্ধ অবস্থায় মধ্যমগ্রাম চৌমাথার মেগাসিটি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা, কী উদ্দেশ্যে এই খুন করেছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)