চন্দ্রনাথ রথ খুনের ঘটনার তদন্তে রাজ্য পুলিশের ওপরেই ভরসা রাখছেন শুভেন্দু অধিকারী। এই খুনের ঘটনার তদন্ত আপাতত করবে রাজ্য পুলিশই বলেও জানিয়ে দিলেন তিনি। এই খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে বলেও মনে করছেন তিনি। একই সঙ্গে তাঁর মতে, পরিকল্পনা করেই খুন করা হয়েছে চন্দ্রনাথকে।
বুধবার রাতে মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। এই খুনের ঘটনায় CBI তদন্তের দাবি করছে তৃণমূল কংগ্রেস। তবে রাতেই এলাকায় গিয়ে শুভেন্দু জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। এলাকায় এসেছেন খোদ ডিজি সিদ্ধিনাথ গুপ্তা-ও। এই খুনের ঘটনায় বেশ কিছু ক্লু পেয়েছে পুলিশ। তাই এখন পুলিশের তদন্তেই ভরসা রাখছেন তাঁরা।
যে এলাকায় চন্দ্রনাথকে খুন করা হয়েছে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার পুষ্পা। একই কথা তাঁদের জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি বলেও জানিয়েছেন শুভেন্দু।
রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, খুনে ব্যবহার করা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ওই গাড়িতে ভুয়ো নম্বর প্লেট লাগানো হয়েছিল। তবে তদন্তের স্বার্থে এখনই বেশি কথা বলতে চাননি পুলিশ আধিকারিকরা।
বিজেপির তরফেও ঘটনার তদন্ত করা হবে। দলের তরফে এই খুনের তদন্ত কাজ খতিয়ে দেখবেন প্রাক্তন IPS আধিকারিক তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।
চন্দ্রনাথকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু। গত কয়েক দিন ধরে এলাকায় রেকি করা হয়েছিল বলেও জানা গিয়েছে।
তবে কারা এই খুন করেছে তা নিয়ে কোনও সিদ্ধান্তে যেতে নারাজ শুভেন্দু। পুলিশই এই খুনের নেপথ্যে কারা আছে তা খুঁজে বার করবে বলে জানিয়েছেন তিনি। এই খুনের ঘটনার উপযুক্ত বিচার এবং মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন শুভেন্দু।
এ দিন এলাকায় গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-ও। শুভেন্দুর মতো তিনিও সবাইকে শান্ত থাকার আবেদন জানান।
এই খুনের ঘটনা নিন্দা করা হয়েছে কংগ্রেস এবং সিপিএমের তরফেও। পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে বলে মনে করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ঘটনার তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-ও।