আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের ফলঘোষণার ঠিক পরেই রাজ্যে ভয়াবহ খুনের ঘটনা। গুলি করে খুন করা হল শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে। ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য এবং রাজনৈতিক মহল।
এখনও পর্যন্ত আততায়ীদের সন্ধান না মিললেও ইতিমধ্যেই জোরকদমে পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। ভোট পরবর্তী বাংলায় এই হিংসার ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
বাম নেতার বক্তব্য, 'এই ঘটনায় নিন্দার কোনও ভাষা নেই। শুভেন্দু বাবুর আপ্ত সহায়কের দায়িত্বে ছিলেন চন্দ্রনাথ। যে সময়ে এই ঘটনা ঘটনা হল তার পিছনে নিশ্চিত কোনও চক্রান্ত রয়েছে। পরিকল্পনা ছাড়া এই ধরনের ঘটনা ঘটানো যায় না।'
তিনি সাফ জানান, 'পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে কার্যত যেভাবে গুলি করা হয়েছে, এটা পরিকল্পিতভাবে চক্রান্তের মতো করেই এই খুন। কী কারণে এই ধরনের ঘটনা ঘটানো হল তা অবশ্যই খতিয়ে দেখা উচিত। অপরাধীদের অবশ্যই যথাযথভাবে শাস্তি পাওয়া উচিত। তৃণমূলের আমলে এই ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি। এবারেও একই ধরনের ঘটনা ঘটল। ভোটের ঠিক পরে এরকম একটা বাংলাকে আরও বেশি গরম করে দেওয়া, আরও বেশি বিপর্যস্ত করা।'
জানা গিয়েছে, গাড়িতে দু’জন ছিলেন চালক ও আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। আপ্তসহায়ক এর গাড়ির চালক আহত হয়েছেন। জানা গিয়েছে তাঁরা, কালো স্করপিওতে ছিলেন।
সূত্রের খবর, বাইকে করে এসে গুলি করে চন্দ্রনাথ রথ এর গাড়ি লক্ষ্য করে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানা এবং এয়ারপোর্ট থানার পুলিশ রয়েছে। জানা গিয়েছে, শুভেন্দুর সর্বক্ষণের সঙ্গী ছিলেন চন্দ্রনাথ। গাড়ি চালক চিকিৎসাধীন। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।