• মোদীর প্রোফাইল পিকচারে ‘অপারেশন সিঁদুর’, বর্ষপূর্তিতে বায়ুসেনার হুঙ্কার, ‘ভারত কিছুই ভোলে না’
    এই সময় | ০৭ মে ২০২৬
  • জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রত্যাঘাতে গত বছর ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত। বৃহস্পতিবার সেই অভিযানের বর্ষপূর্তিতে নিজের এক্স হ্যান্ডলের প্রোফাইল পিকচার বদলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঁদুর অভিযানের সেই বহুচর্চিত লোগোই প্রোফাইল পিকচারে রেখেছেন প্রধানমন্ত্রী। বর্ষপূর্তিতে একটি ভিডিয়োও পোস্ট করেছে ভারতীয় বায়ুসেনা। তাতে লেখা রয়েছে, ‘ভারত কিছুই ভোলে না। ভারত ক্ষমাও করে না।’

    ভারতীয় সেনার প্রশংসা করে এক্স হ্যান্ডলে একটি বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, ‘অপারেশন সিঁদুরে ভারতের এই অসাধারণ জয় আমাদের বীর সেনাদের পরাক্রম এবং দেশপ্রেমের এক দৃষ্টান্ত। তাঁদের অদম্য সাহস, দৃঢ় সংকল্প এবং কর্তব্যনিষ্ঠার জন্য প্রত্যেক দেশবাসী গর্বিত।’

    সিঁদুর অভিযানের যে ভিডিয়ো বায়ুসেনা পোস্ট করেছে, সেখানেও প্রধানমন্ত্রীর একটি বার্তা রয়েছে। ২০২৪ সালের এপ্রিল মাসে পহেলগামে হামলার পরেই সেই বার্তা দিয়েছিলেন মোদী। সেখানে তিনি বলেছিলেন, ‘প্রত্যেক জঙ্গি এবং তাদের মদতদাতাকে খুঁজে বার করে সাজা দেবে ভারত।’ বায়ুসেনার এক্স হ্যান্ডলের পোস্টেও লেখা হয়েছে, ‘অপারেশন সিঁদুর। বিচার হয়েছে। একেবারে নিখুঁত ভাবে হয়েছে। সকলের স্মৃতিতেই গেঁথে রয়েছে। অপারেশন সিঁদুর এখনও চলছে। ভারত কিছুই ভোলে না। ভারত ক্ষমাও করে না।’

    পহেলগামে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যুর ঘটনার প্রত্যাঘাত হিসাবেই ৭ মে ভোরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। অব্যর্থ আঘাত করা হয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে। এর পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। যদিও ভারত সরকার জানিয়েছে, তারা পাক হামলা প্রতিহত করে আবার প্রত্যাঘাত করেছে। সংঘর্ষ চলাকালীন আকাশেরও দখল নিয়েছিল ভারতীয় বায়ুসেনা। বিভিন্ন রিপোর্টও জানিয়েছে, সেই কারণে পাকিস্তানই ভারতকে সংঘর্ষবিরতির বার্তা দেয়। ভারত তাতে রাজিও হয়। গত বছর ১০ মে থেকে কার্যকর হয় সংঘর্ষবিরতি।

  • Link to this news (এই সময়)