• হিংসা ও অশান্তি ঠেকাতে পুলিশের দ্বারস্থ, কড়া পদক্ষেপের দাবি বিজেপির
    এই সময় | ০৭ মে ২০২৬
  • এই সময়, হাওড়া: হাওড়া শহরজুড়ে একের পর এক তৃণমূল কংগ্রেসের পতাকা সরিয়ে বিজেপি পতাকা উড়তে দেখা যাচ্ছে। নির্বাচনের ফলাফলের পরের দিন থেকেই এই প্রবণতা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে হেলিপ্যাড সংলগ্ন পার্কে যেখানে তালা দেওয়া ছিল, সেই পার্কের তালা ভেঙে পার্কে ঢুকতে দেখা যায় বেশ কিছু স্থানীয় লোককে। হাতে বিজেপির পতাকা ছিল। একই ভাবে, উত্তর হাওড়া থেকে দক্ষিণ হাওড়ার অটো স্ট্যান্ডগুলোয় তৃণমূলের পতাকা সরিয়ে বিজেপির পতাকা লাগাতে দেখা যায়।

    এ দিকে, নির্বাচনের ফল প্রকাশের পরে হাওড়া শহরে অশান্তির অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চাইল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রতিনিধি দল। বুধবার হাওড়া জেলার প্রাক্তন সভাপতি ও রাজ্য কমিটির সদস্য দেবাঞ্জল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ওই দলটি হাওড়া থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মধ্য হাওড়ার আহ্বায়ক শিবশঙ্কর সাধুখা, মধ্য হাওড়া মণ্ডল ২-এর সাধারণ সম্পাদক অমরীশ ঠাকুর, সহ-সভাপতি রাখোহরি সেন এবং মধ্য হাওড়া ৩ নম্বর মণ্ডলের সভাপতি সুধীর সিং।

    বিজেপির অভিযোগ, গত ৪ তারিখ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় একদল দুষ্কৃতী রাতারাতি ‘ভোল বদল’ করে বিজেপির পতাকা ব্যবহার করে তাণ্ডব চালাচ্ছে। অটো ও টোটো ইউনিয়নের একাংশও হঠাৎ করে বিজেপির পতাকা লাগিয়ে বেআইনি কার্যকলাপ চালাচ্ছে বলে দাবি তাঁদের। এই পরিস্থিতিতে প্রতিনিধি দল পুলিশের কাছে স্পষ্ট বার্তা দেয় যে, এই ধরনের কার্যকলাপ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। তাঁরা দাবি করেন, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ীই এই পদক্ষেপ করা হয়েছে। দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে, যাতে রাজনৈতিক পরিচয় না দেখে, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়।

  • Link to this news (এই সময়)