• বৃহস্পতিবারও ঝড়বৃষ্টির তাণ্ডব চলবে জেলায় জেলায়
    আজকাল | ০৭ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্তত শনিবার অবধি তো বটেই। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। বিকেল এবং সন্ধের দিকে হতে পারে বৃষ্টিপাত। সঙ্গে ঝড়ের সম্ভাবনাও থাকছে। যার ফলে কিছুটা হলেও কমবে অস্বস্তি। 

    হাওয়া অফিস জানিয়েছে, উত্তর–পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। 

    বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কা রয়েছে। বিশেষত, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি। কলকাতায় সকাল থেকে রোদের দেখা মিললেও বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    শুক্রবারও ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে। পাশাপাশি বইতে পারে ঝড়। তার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা। মূলত, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড় এবং বৃষ্টির দাপট থাকবে বেশি। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে। ৯ মে শনিবার শপথ নেবে বিজেপি সরকার। ওইদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। সেই দিন ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির দাপট থাকবে বেশি। তবে বাংলার অন্যান্য সব জেলাতেই হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি। শুক্র ও শনিও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়। 
  • Link to this news (আজকাল)