আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা নাগেরবাজার ফ্লাইওভারের উপর। গুরুতর জখম হলেন স্বামী–স্ত্রী। জানা গেছে, বাইককে পেছন থেকে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।
স্বামীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে সকাল আটটা দশ মিনিট নাগাদ। জানা গেছে, স্বামী–স্ত্রী বাইকে চেপে ছেলেকে স্কুলে দিয়ে বাড়ির দিকে ফিরছিলেন সেই সময় তারা লেকটাউনের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন নাগেরবাজার ফ্লাইওভার ধরে। ঠিক নাগেরবাজার ক্রসিং এর উপরে যখন বাইকটি আসে সেই সময় পিছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক এক্সেল ভেঙে যাওয়ার কারণে ওই বাইকটিতে পিছন থেকে ধাক্কা মারে। যাতে গুরুতর জখম হন স্বামী–স্ত্রী। তাদেরকে উদ্ধার করে স্থানীয় লোকজন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনা কি করে ঘটল তা খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ।