• জমি জটে থমকে যাবে না প্রকল্প, আশায় রেল কর্তারা
    বর্তমান | ০৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার রাজ্যের বিদায়ী তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে জমির অভাব নিয়ে সরব হয়েছে মোদি সরকার। বিশেষ করে প্রাক্তন রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁরা বারবার অভিযোগ করেছেন, বাংলার জন্য একাধিক রেল প্রকল্প অনুমোদিত হয়েছে। কিন্তু শুধুমাত্র পর্যাপ্ত জমি হাতে না পাওয়ার কারণে সেইসব প্রকল্প বাস্তবায়িত করতে পারছে না রেলমন্ত্রক। এমনকি বহু প্রকল্পের রূপায়ণ জমি জটের কারণেই দীর্ঘায়িত হচ্ছে। বিভিন্ন সময় পীযূষ গোয়েল কিংবা অশ্বিনী বৈষ্ণবরা যুক্তি দিয়েছেন, জমি অধিগ্রহণের পুরো দায়িত্বই রাজ্য সরকারের। যতক্ষণ না পর্যন্ত রাজ্য সেই দায়িত্ব পালন করছে, ততক্ষণ কেন্দ্রেরও কিছু করার নেই। সোমবার বাংলার বিধানসভা নির্বাচনের ফলে স্পষ্ট হয়েছে, রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। অর্থাৎ, এবার বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠন হতে চলেছে। এই পরিস্থিতিতে রেলমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা আশা করছেন, রাজ্যে রেলের প্রকল্প বাস্তবায়নে আর রাজনীতি কোনো বাধা হবে না। 

    বাংলায় রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আরও প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমির প্রয়োজন। জানা যাচ্ছে, রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার পুরোদমে কাজ শুরুর পরেই এব্যাপারে মন্ত্রী, আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে রেল বোর্ড। সেখানে মূলত জমি জটেই আটকে থাকা কলকাতা মেট্রোর একাধিক প্রকল্প নিয়েও আলোচনা হবে। সরকারি সূত্রের দাবি, এবিষয়ে দ্রুত সমস্যার সমাধান চাইছে কেন্দ্রের মোদি সরকার। রেলমন্ত্রকের পরিসংখ্যান চলছে, সবমিলিয়ে রাজ্যে প্রকল্প রূপায়ণের জন্য প্রয়োজন মোট ৪ হাজার ৬৬২ হেক্টর জমি। এর মধ্যে বিদায়ী তৃণমূল কংগ্রেস সরকার অধিগ্রহণ করতে পেরেছে ১ হাজার ২৭৩ হেক্টর জমি। অর্থাৎ, প্রয়োজনের মাত্র ২৭ শতাংশ জমি রয়েছে রেলের হাতে। বাকি ৩ হাজার ৩৮৯ হেক্টর জমির অধিগ্রহণেই এবার বাংলার নতুন ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে জরুরি আলোচনায় বসতে চায় কেন্দ্রীয় সরকার। 

    রেল সূত্রে জানানো হয়েছে, রাজ্যে এমন অন্তত ১২টি প্রকল্প রয়েছে, যেগুলির বাস্তবায়ন পর্যাপ্ত জমির অভাবে থমকে গিয়েছে। কলকাতা মেট্রোর প্রকল্প ধরলে এই সংখ্যা আরও বেশি। জমি জটের কারণে আটকে থাকা উল্লিখিত ১২টি রেল প্রকল্পের মধ্যে অন্যতম হল কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর নিউ লাইন, নবদ্বীপঘাট-নবদ্বীপধাম নিউ লাইন, নৈহাটি-রানাঘাট থার্ড লাইন প্রভৃতি। এরই পাশাপাশি জমি জটের কারণে আটকে থাকা মেট্রো প্রকল্পের অন্যতমই হল নিউ বারাকপুর-বারাসত সাড়ে সাত কিলোমিটার মেট্রো লাইন। এটি নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের অংশ।- নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)