নির্বাচন কমিশনার নিয়োগ মামলার শুনানি পিছতে নারাজ শীর্ষ আদালত
বর্তমান | ০৭ মে ২০২৬
নয়াদিল্লি: শবরীমালা মামলায় ৯ বিচারপতির বেঞ্চে শুনানি চলছে। এই যুক্তি দেখিয়ে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির দিন পিছিয়ে দেওয়ার আরজি জানিয়েছিল কেন্দ্র। কিন্তু ওই আরজিতে সায় দিলেন না সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে তিনি জানিয়েছেন, এই মামলাও গুরুত্বপূর্ণ। আপনার সহযোগীদের অংশ নিতে বলুন।
২০২৩ সালে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট বড়ো রায় দিয়েছিল। শীর্ষ আদালত জানায়, মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের প্যানেলে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন। কিন্তু, সেই বছরের শেষে নয়া আইন আনে মোদি সরকার। সেখানে নিয়োগ প্যানেলে প্রধান বিচারপতিকে রাখা হয়নি। বদলে প্রধানমন্ত্রীর মনোনীত কেন্দ্রীয় মন্ত্রীকে রাখা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুনানি চলছিল। কিন্তু, চলতি বছরের মার্চ মাসে স্বার্থের সংঘাতের যুক্তিতে মামলা থেকে সরে দাঁড়ান তিনি। বর্তমানে মামলার শুনানি বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে চলছে। বুধবার সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান, নয় বিচারপতি বেঞ্চে শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশাধিকার সংক্রান্ত মামলা চলছে। সেখানে সওয়াল-জবাবের সময় হাজির থাকতে হবে। তাই নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলার জন্য আগামী সপ্তাহের কোনো দিন ধার্য করা হোক। তাঁর সেই আর্জি খারিজ করে বিচারপতি দত্ত পালটা জানান, আপনি এক সপ্তাহ আগে জানাতে পারতেন। তাহলে আমরা কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। মাসখানেক আগেই শুনানির দিন ধার্য হয়ে রয়েছে। আপনার সহযোগীদের প্রয়োজনীয় নোট নিতে বলুন। অন্যান্য আইনজীবীরা বক্তব্য পেশ করুন। সমস্ত মামলাই গুরুত্বপূর্ণ।