• ডিএ মামলার শুনানি পিছল ৩ সপ্তাহ
    বর্তমান | ০৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে। বদলে গিয়েছে শাসক দল। ফলে বিভিন্ন ইস্যুতে সরকারের নতুন অবস্থান কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তাই বুধবার সুপ্রিম কোর্টে ডিএ (ডিয়ারনেস অ্যালাউন্স) মামলা থাকলেও শুনানি তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন করা হল। পশ্চিমবঙ্গের ডিএ মামলা শুনানির জন্য এদিন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বিশেষ বেঞ্চ বসার কথা ছিল দুপুর তিনটেয়। কিন্তু তা হল না।

    কারণ, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে স্ট্যান্ডিং কাউন্সেল কুণাল মিমানি শীর্ষ আদালতের রেজিস্ট্রিতে ইমেল পাঠিয়ে আবেদন করেছেন, মামলার শুনানি তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। কারণ হিসাবে বলা হয়েছে, এ ব্যাপারে সরকারের নতুন কী নির্দেশ তা জানতে হবে। তাই সময় দেওয়া হোক। সেই আবেদন মতোই আদালতও শুনানি করেনি। বসেনি স্পেশাল বেঞ্চও। উল্লেখ্য, ১৫ এপ্রিল হয়েছিল শেষ শুনানি। যেখানে রাজ্য জানিয়েছিল, ২০১৬-১৯ সালের সময়কালে কর্মরতদের বকেয়া ডিএ’র প্রায় ৫০ শতাংশ মেটানো হয়ে গিয়েছে। প্রায় ছ’ হাজার কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে। ফলে ডিএ পাচ্ছি না বলে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে দাবি করছে, তা ঠিক নয়। 
  • Link to this news (বর্তমান)