পুনে: ফের পুনেতে নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ। এবার নিজের নাতনিকে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত হলেন এক প্রৌঢ়। নির্যাতিতার বয়স মাত্র ন’বছর। অভিযুক্ত প্রৌঢ় তার মায়ের বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুনের পার্বতীনগর এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। নির্যাতিতার বাবা পেশায় অটোচালক। মা বেসরকারি অফিসে কাজ করেন। দুজনেই সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। অভিযোগ, এই সুযোগ কাজে লাগিয়েই বাড়িতে ঢুকে নাবালিকার উপর অত্যাচার চালায় অভিযুক্ত। বাড়ি ফিরে মেয়ের কাছে সবকিছু জানতে পারেন বাবা-মা। সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার জন্য নিজের বাবার ফাঁসি চেয়েছেন নাবালিকার মা। তাঁর কথায়, এই অপরাধের কোনো ক্ষমা হয় না। আগেও এমনটা করার চেষ্টা করেছেন তাঁর বাবা। একই অভিযোগ তাঁর স্বামী অর্থাৎ নাবালিকার বাবার। বলেন, আগে তাদের বাড়িতেই থাকতেন অভিযুক্ত। বছর খানেক আগে মোবাইল চুরির দায়ে শ্বশুরকে বাড়িছাড়া করেন। তাও মাঝেমধ্যেই বাড়ি আসতেন। এদিন সব সীমা অতিক্রম করে ফেলেন। ফাঁকা বাড়ির সুযোগে নিজেরই নাতনির উপর অত্যাচার চালান। তিনিও অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন। বিগত কয়েকদিনে এই নিয়ে তৃতীয়বার এমন ন্যক্কারজনক ঘটনার সাক্ষী থাকল পুনে।