• পরাজিত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তোপ বিজেপি বিধায়কের
    বর্তমান | ০৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির পরাজিত তৃণমূল প্রার্থী  কৃষ্ণ দাসকে বাহুবলী বলে আক্রমণ করলেন বিজেপির রাজগঞ্জের জয়ী প্রার্থী দীনেশ সরকার। তার দাবি, কৃষ্ণ দাস কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি একজন বাহুবলী। টাকা ছড়িয়ে আর বাহুবল দিয়ে তিনি ভোটে জিততে চেয়েছিলেন। কিন্তু জনগণ তাঁকে উচিত শিক্ষা দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে, টাকা ও বাহুবল দিয়ে মানুষের মন জয় করা যায় না। এখন কৃষ্ণ দাসকে পালিয়ে বেড়াতে হচ্ছে।

    রাজগঞ্জে ২১ হাজারের বেশি ভোটে জয় নিয়ে দীনেশের মন্তব্য, রাজগঞ্জে প্রায় ২ লক্ষ ৪০ হাজার ভোটার। অল্প সময়ে তাদের সবার কাছে পৌঁছতে পারিনি। কিন্তু রাজগঞ্জের মানুষ আমাকে দু’হাত ভরে ভোট দিয়েছেন। কারণ, তারা সন্ত্রাস মুক্ত হতে চেয়েছিলেন। তাঁরা চেয়েছিলেন, উন্নয়নের কাজে যেন কাটমানি না থাকে।

     সদ্য সমাপ্ত নির্বাচনে রাজগঞ্জে দীনেশ সরকারের প্রতিপক্ষ ছিলেন তৃণমূল প্রার্থী এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। তাঁর সম্পর্কে শ্রদ্ধাশীল বিজেপি বিধায়ক। স্বপ্না বর্মনকে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ বলে প্রশংসা করেন তিনি। তাঁর মন্তব্য, স্বপ্না সোনার মেয়ে। কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন। তাঁকে ভুল বুঝিয়ে প্রার্থী করা হয় বলে দাবি দীনেশের। বিধায়কের দাবি, রাজগঞ্জে অনুন্নয়ন স্পষ্ট। অগ্রাধিকারের ভিত্তিতে কাজ হবে। 
  • Link to this news (বর্তমান)