মৃতদেহের দুর্গন্ধে অতিষ্ঠ রোগীরা, হাসপাতালে দেহ রাখার আলাদা ঘর নেই সাফাই ব্লক স্বাস্থ্য আধিকারিকের!
বর্তমান | ০৭ মে ২০২৬
সংবাদদাতা, ময়নাগুড়ি: দুর্গন্ধযুক্ত মৃতদেহ পড়ে রয়েছে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। এই ঘটনায় ক্ষোভ হাসপাতালে চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগীর পরিজনদের। অভিযোগ, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের আউটডোরের রুমে একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ পড়ে রয়েছে। আউটডোরের টিকিট কাটতে এসে সকাল থেকেই এই দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসার জন্য আসা রোগী এবং তাঁদের আত্মীয়রা। অনেকেই বমিও করছেন। রীতিমতো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বৃদ্ধ থেকে শুরু করে শিশুদেরও। অবিলম্বে এই দেহ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন হাসপাতালে আসা রোগীরা।
এদিন হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী এবং তাঁদের পরিজনেরা বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি টিকিট কাটার জন্য। ডাক্তার দেখানোর জন্য। কিন্তু তার আগেই আমরা আরও অসুস্থ হয়ে পড়ছি। এই মৃতদেহ এখনও সরানো হয়নি। নাকে রুমাল চাপা দিয়েও কাজ হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ কেন দেহ সরাচ্ছে না তার জবাব চাই। এদিকে এই বিষয় নিয়ে ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতেশ বর বলেন, হাসপাতালে আমাদের মৃতদেহ রাখার জন্য আলাদা জায়গা নেই। ভবিষ্যতে হতেও পারে। আপাতত দেহটি সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।