• উদয়নারায়ণপুরে খুন: ধৃত আরও , ভোট পরবর্তী অশান্তিতে হাওড়া গ্রামীণ জেলায় গ্রেপ্তার ৪৫
    বর্তমান | ০৭ মে ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার রাতে উদয়নারায়ণপুরের দক্ষিণ মানশ্রী গ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় মঙ্গলবার উদয়নারায়ণপুর থানার পুলিশ কালীপদ বাগ ও বৃন্দাবন গায়েন নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতদের পাঁচদিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন। এই খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির জয়ের খবর আসায় উদয়নারায়ণপুরের দক্ষিণ মানশ্রী গ্রামে গেরুয়া আবির মেখে আনন্দ করছিলেন বিজেপি কর্মী যাদব বর। আনন্দ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে ব্যাপক মারধর করে। রক্তাক্ত অবস্থায় আহত ওই বিজেপি কর্মীকে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতের স্ত্রী কৃষ্ণা বরের অভিযোগের ভিত্তিতে উত্তম গায়েন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে উত্তম গায়েনকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার পুলিশ আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

    এদিকে, সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই হাওড়া গ্রামীণ জেলায় একাধিক সংঘর্ষ, অশান্তির ঘটনা ঘটে। অনেক জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এছাড়া তৃণমূলের একাধিক কার্যালয়ে গেরুয়া রং করে দেওয়া হয়। মঙ্গলবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার মহেশপুরে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বোমবাজির ঘটনাও ঘটে। এইসব অশান্তির ঘটনায় মঙ্গলবার সারারাত জেলাজুড়ে তল্লাশি চালিয়ে পুলিশ ৪৫ জনকে গ্রেপ্তার করে।

    হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল বলেন, কোনোরকম অশন্তির ঘটনা বা অশান্তিতে প্ররোচনা দেওয়া বরদাস্ত করা হবে না। এখনও পর্যন্ত অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত দু’দিনে জেলার বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনাগুলিতে যাঁরা জড়িত, তাঁদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
  • Link to this news (বর্তমান)