হুগলির পোলবায় পারিবারিক বিবাদ ঠেকাতে গিয়ে নিরীহ যুবকের মৃত্যু
বর্তমান | ০৭ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দুই পরিবারের মধ্যে বিবাদ ঠেকাতে গিয়ে মৃত্যু হল এক নিরীহ যুবকের। হুগলির পোলবা থানার মহানাদ দক্ষিণপাড়ায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সোমনাথ ভট্টাচার্য (৩৫)। স্থানীয় বাসিন্দা ওই যুবক মঙ্গলবার বিকালে জখম হয়েছিলেন। বুধবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশ ওই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, দক্ষিণপাড়ার দু’টি পরিবারের মধ্যে আগে থেকেই বিবাদ ছিল। মঙ্গলবার বিকালে এক পরিবারের সদস্য শ্রীকান্ত মালিককে অন্য পরিবারের তিন সদস্য মিলে মারধর করতে শুরু করেন। তখন ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা সোমনাথ। তিনি শ্রীকান্ত’র বন্ধু। বন্ধুকে আক্রান্ত হতে দেখে তিনি প্রতিরোধ করেন। সেই সময় তাঁর উপরেও হামলা হয়। পরে জখম অবস্থায় শ্রীকান্ত ও সোমনাথকে চুঁচুড়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় পাঠানো হয়। সকালে সোমনাথের মৃত্যু হয়। এরপর বুধবার সকালেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রঞ্জিত মালিক, প্রতীক মালিক ও বিজয় মালিক। হুগলি গ্রামীণ পুলিশের এক কর্তা বলেন, ওই ঘটনায় রাজনৈতিক কোনও যোগ মেলেনি। তদন্ত চলছে।