নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অবৈধ সম্পর্কের জেরে এক মহিলাকে খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। পাণ্ডুয়ার শিকিরাচাপতা গ্রাম থেকে বুধবার ওই মধ্যবয়সি মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম ঝর্ণা সর্দার (৪২)। বুধবার রাতে ওই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে বর্ধমানের মেমারি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দীনবন্ধু মালিক। তিনি পাণ্ডুয়ার শিকিরাচাপতারই বাসিন্দা। মৃত মহিলার ভাই সঞ্জয় সর্দার দীনবন্ধুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার সঙ্গে দীনবন্ধুর অবৈধ সম্পর্ক ছিল। বিবাহিত ঝর্ণাদেবী তাঁর স্বামীর সঙ্গে থাকতেন না। তিনি শিকিরাচাপতাতে বাবার বাড়িতে থাকতেন। পরে তাঁর সঙ্গে দীনবন্ধুর সম্পর্ক তৈরি হলে তিনি অন্য একটি বাড়িতে উঠে যান। সেখানে দীনবন্ধু এসে থাকতেন। বুধবার দুপুর পর্যন্ত ঝর্ণদেবী ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা খোঁজ নিতে যান। তখনই তাঁকে অচৈতন্য অবস্থায় বিছানার উপরে পাওয়া যায়। পরে পাণ্ডুয়া হাসপাতালে ওই মহিলাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে এই মৃত্যুতে দীনবন্ধুকে দায়ী করে থানায় অভিযোগ করেন মৃতার ভাই। রাতে পুলিশ তাঁকে মেমারি থেকে গ্রেপ্তার করে আনে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত করা হচ্ছে।