• মুখ্যমন্ত্রী কে? ঠিক হবে শপথের একদিন আগে, ভাসছে নানা নাম, রহস্য জিইয়ে রাখলেন শাহ
    বর্তমান | ০৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: রহস্য জিইয়ে রাখলেন অমিত শাহ! বুধবার কলকাতায় আসার কথা ছিল তাঁর। কিন্তু তিনি এলেন না। এবং এখনও জানা গেল না বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম। বিজেপির এই বিপুল জয়ে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম সারিতে ঘোরাফেরা করছে ঠিকই, কিন্তু দিল্লি সূত্রের খবর, তিনি একা নন। একদিকে এই জনাদেশ, আর একদিকে সংঘের চাপ। উপরন্তু রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার ‘রাজনৈতিক জেদ’। তাঁর সরকারের মেয়াদ শেষ হওয়ার পর একদিনের জন্য রাজ্যের শাসনভার কার হাতে থাকবে, সে নিয়ে দিল্লিতেও বিস্তর আলোচনা চলছে। পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের দীর্ঘ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত কার দিকে ভাগ্যলক্ষ্মী ঝুঁকবে, সেই কৌতূহল বাঁচিয়ে রাখতে হবে শুক্রবার পর্যন্ত। শনিবার, ২৫ বৈশাখ শপথ গ্রহণ অনুষ্ঠান। তার কয়েক ঘণ্টা আগে এ রাজ্যে এসে নাম ঘোষণা করবেন অমিত শাহ।

    আগামী কাল, শুক্রবার দুপুর ১টা নাগাদ শাহের বিমান কলকাতার মাটি ছোঁবে। নিউটাউনের হোটেলে রাত কাটাবেন তিনি। শাহের পৌরোহিত্যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে। সেই দৌড়ে একেবারে প্রথম সারিতে শুভেন্দু অধিকারী থাকলেও আরও বেশ কিছু নাম কিন্তু হাওয়ায় ঘোরাফেরা করছে। পরপর দু’বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু। গত পাঁচ বছরে বিরোধী দলনেতার ভূমিকায় দাপট দেখিয়েছেন। পাশাপাশি মা-মাটি-মানুষ সরকারের সেচ, পরিবহণ সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সাফল্যের সঙ্গে সামলানোর অভিজ্ঞতা রয়েছে কাঁথির এই বাসিন্দার। ফলে রাজনৈতিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই শুভেন্দু অধিকারীকে পিছনে রাখা যাচ্ছে না। তা সত্ত্বেও অবশ্য কোনোভাবে মুখ্যমন্ত্রী মুখ নিশ্চিত করছে না কেন্দ্রীয় নেতৃত্ব। তবে, উত্তরবঙ্গের প্রতি বিজেপির ‘দায়বদ্ধতা’র কথা মাথায় রেখে সেখান থেকে একজন উপমুখ্যমন্ত্রী করার কথা ভেবেছে বিজেপি। এই প্রেক্ষিতে উঠে আসছে কালিয়াগঞ্জ কেন্দ্রে জয়ী উৎপল মহারাজের নামও। পাশাপাশি চলতি ভোটে মহিলা ভোটারদের ‘বিপুল সমর্থন’কে কুর্নিশ জানাতে আরও একজন নারী উপমুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন রবীন্দ্রজয়ন্তীতে। সূত্রের খবর, তেমনই আশা নিয়ে এদিন দিল্লি পৌঁছে গিয়েছেন অগ্নিমিত্রা পল। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের জন্য। তবে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানা যাচ্ছে না। অথচ রাজ্যের নতুন সরকারের ব্যাপারে অমিত শাহই শেষ কথা। শনিবার শপথ। তাঁর আগে কলকাতায় এসে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের ‘ক্লাস’ও নেবেন তিনি। কীভাবে রাজ্যে সরকার বা প্রশাসনিক কাজকর্ম সামলাতে হয়, প্রধানত তারই পাঠ। দলের অন্দরের ব্যাখ্যা, এর আগে পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কদের বিরোধী দলের ভূমিকাই সামলাতে হয়েছে। ফলে সরকার চালানোর অভিজ্ঞতা বঙ্গ বিজেপির একেবারেই নেই। সেই অভিজ্ঞতার পাঠই পড়াবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে শুধুই ‘ক্লাস’ করানো নয়। প্রয়োজনীয় কিছু নির্দেশিকাও দেবেন অমিত শাহ। পাশাপাশি শোনা যাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কেন্দ্রীয় টিমেও এবার বাংলার প্রতিনিধিদের অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে। শুক্রবার অমিত শাহ ‘ক্লাস’ নেবেন। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন। আর তার কয়েক ঘণ্টা পরই ৯ মে, ২৫শে বৈশাখ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে বাংলার বিজেপি সরকার। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এদিন জানিয়েছেন, সকাল ১০টায় শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও ১৯টি ডবল ইঞ্জিন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। পদ্ম সম্মানে জয়ীদের এই অনুষ্ঠানে সম্মান জানানো হবে। শনিবার প্রধানমন্ত্রী জোড়াসাঁকো ঠাকুরবাড়িও যেতে পারেন বলে খবর। ইতিমধ্যেই অবশ্য ব্রিগেডে মঞ্চ তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছে পূর্তদপ্তর। এখন অপেক্ষা শুধু বাংলার নতুন মুখ্যমন্ত্রীর। 
  • Link to this news (বর্তমান)