• পরিষেবা শিকেয়, আসছেনই না চেয়ারম্যান-কাউন্সিলাররা, বারাকপুরের একাধিক পুরসভায় অব্যবস্থা
    বর্তমান | ০৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি,বারাকপুর: রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বারাকপুর শিল্পাঞ্চলের পুরসভাগুলিতে অচলাবস্থা তৈরি হয়েছে। অধিকাংশ পুরসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলাররা আসা বন্ধ করেছেন। অন্যদিকে বিজেপির বিধায়ক এবং কর্মীরা পুরসভায় গিয়ে কর্মীদের বলছেড় কাজ চালিয়ে যেতে। কয়েকটি পুরসভায় বিজেপির পতাকা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগানো হয়েছে। সবমিলিয়ে চূড়ান্ত অচলাবস্থা। সমস্যা সমাধানে প্রশাসক বসানো হতে পারে বলে ইঙ্গিত।

    প্রায় দু’বছর পর বুধবার কাঁচড়াপাড়া পুরসভায় গিয়েছিলেন ভাইস চেয়ারম্যান পদে থাকা শুভ্রাংশু রায়। তিনি মুকুল রায়ের ছেলে। তার সঙ্গে ছিলেন একাধিক কাউন্সিলার ও কর্মী। পুরসভা সচল রাখার অনুরোধ জানান তিনি। পাশাপাশি হালিশহর পুরসভায় যান বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। তিনি হালিশহর এবং বীজপুরের চেয়ারম্যানদের পুরভবনে আসার অনুরোধ জানান। মানুষকে নাগরিক পরিষেবা দিতে বলেন। নৈহাটি পুরসভায় যান বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষ। গিয়ে এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে কথা বলেন। কোনো ফাইল যাতে লোপাট না হয় তার জন্য বিশেষ নজর রাখতে বলেন। এখানকার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় আসছেন না বলে খবর। একই অবস্থা ভাটপাড়া পুরসভাতেও। সেখানেও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা আসা বন্ধ করেছেন।

    অন্য ছবি অবশ্য উত্তর বারাকপুর পুরসভায়। পুর চেয়ারম্যান মলয় ঘোষ অল্প সময়ের জন্য হলেও আসছেন। কাজকর্মে নজরদারি চালাচ্ছেন। বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসও পুরসভায় আসছেন। কাউন্সিলার ও অফিসারদের সঙ্গে বৈঠক করছেন। তিনি ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের পরাজিত প্রার্থী রাজ চক্রবর্তীর প্রকাশ্যে সমালোচনা করেছেন। রাজ চক্রবর্তীকে ‘ধান্দাবাজ’ বলেছেন। উত্তমবাবু জানান, যদি পদত্যাগ করতে বলা হয় তিনি পদত্যাগ করবেন। সবমিলিয়ে বারাকপুর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পুরসভাগুলিতে শিকেয় উঠেছে নাগরিক পরিষেবার কাজ। তা ঘিরে তৈরি হয়েছে জটিলতা।
  • Link to this news (বর্তমান)