• রীতিমত রেইকি করেই চন্দ্রনাথকে খুন, তদন্তে গঠিত সিট
    বর্তমান | ০৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল রাতে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করে আততায়ীরা। আজ বারাসত হাসপাতালে শুরু হয়েছে চন্দ্রনাথের ময়নাতদন্ত। এই হত্যার তদন্তের জন্য এসটিএফ, সিআইডি এবং আইবি কে নিয়ে গড়া হয়েছে সিট। তদন্তকারীদের সন্দেহ, চন্দ্রনাথ খুনে ভিন রাজ্য থেকে এসেছিল শার্প শুটার। তাদের খোঁজে ভিন রাজ্যে যাচ্ছে সি আই ডির একটি দল। আজ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন সিআইডির আধিকারিকরা। বিমানবন্দরের সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে,তদন্তকারীরা মনে করছেন আততায়ীরা বিমানে পালাতে পারে। আর তাই খুঁটিয়ে দেখা হচ্ছে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ। 

    প্রাথমিক তদন্তে উঠে এসেছে , প্রায় এক সপ্তাহ ধরে চন্দ্রনাথ রথের গতিবিধি অনুসরণ করছিল আততায়ীরা। তার প্রতিদিনের কার্যকলাপের উপর রাখা হয়েছিল  নজর। কলকাতা পুলিশ এলাকায় যে সমস্ত রাস্তা দিয়ে চন্দ্রনাথের গাড়ি গিয়েছিল সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালান হচ্ছে। ইতিমধ্যেই তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।

    যে গাড়িটি আততায়ীরা ব্যবহার করেছে তার নম্বর প্লেটটি ভুয়ো। ওই নম্বরের আসল গাড়িটি  রয়েছে শিলিগুড়িতে। তার মালিকের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। জানা যায় গাড়িটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন গাড়ির মালিক। সম্ভবত সেখান থেকেই নম্বরটি পায় আততায়ীরা।

    আজ সকালেই শুভেন্দু অধিকারীকে ফোন করে ঘটনার সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
  • Link to this news (বর্তমান)