• গভীর মানসিক অবসাদে ভুগছেন সলিল আঙ্কোলা, রিহ্যাবে ভর্তি প্রাক্তন জাতীয় নির্বাচক
    এই সময় | ০৭ মে ২০২৬
  • প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও BCCI-এর প্রাক্তন নির্বাচক সলিল আঙ্কোলা (Salil Ankola) এখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। গুরুতর মানসিক অবসাদের কারণে তাঁকে পুনের কাছে একটি রিহ্যাব কেন্দ্রে ভর্তি হতে হয়েছে। এই নিয়ে দ্বিতীয় বার রিহ্যাবে যেতে হল প্রাক্তন এই ক্রিকেটারকে। বহু বছর আগে মদ্যপানের সমস্যার জন্য চিকিৎসা নিয়েছিলেন তিনি। তবে এ বার কারণ সম্পূর্ণ আলাদা। পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে গভীর মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছিলেন সলিল। শেষ পর্যন্ত নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই চিকিৎসার পথ বেছে নিয়েছেন তিনি।

    সলিলের স্ত্রী রিয়া আঙ্কোলা (Ria Ankola) জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবরে মায়ের মৃত্যু মেনে নিতে পারেননি সলিল। সেই ধাক্কা থেকেই ধীরে ধীরে মানসিক ভাবে ভেঙে পড়তে শুরু করেন তিনি। রিয়া বলেন, ‘সলিল অবসাদে ভুগছিল। তাই কয়েক সপ্তাহ আগে ও নিজেই সিদ্ধান্ত নিয়ে পুনের কাছে একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে মাকে হারানোর পর থেকেই ও খুব ভেঙে পড়েছিল। সেই শোক কাটিয়ে উঠতে পারছিল না।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি ও বুঝতে পারে যে বারবার অসুস্থ হয়ে পড়ছে এবং মানসিক ভাবে ভেঙে যাচ্ছে। তখনই শান্ত পরিবেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেয়।’

    এই কঠিন সময়েও পরিবারের সমর্থন পাচ্ছেন সলিল। তাঁর স্ত্রী জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থতার পথে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার। রিয়া বলেন, ‘আমরা পরিবার হিসেবে খুশি যে ও নিজেকে পুরোপুরি ভেঙে পড়তে না দিয়ে একটু বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন নিয়মিত শরীরচর্চা করছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ক্রিকেটই ওর প্রথম ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। কারণ ও সব সময়ই লড়াকু মানসিকতার মানুষ।’ সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেট মহল ওকে দারুণ সমর্থন করেছে। নিজের জন্য একটু সময় নেওয়ার সিদ্ধান্তকে সবাই সম্মান জানিয়েছে।’

    ১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল সলিল আঙ্কোলার। সেই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং ওয়াকার ইউনিস (Waqar Younis)। নিজের প্রথম টেস্টেই দু’টি উইকেট নিয়েছিলেন সলিল।

    ভারতের হয়ে ২০টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের (Mumbai) হয়ে ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৮১ উইকেট নিয়েছিলেন। তবে চিবুকে টিউমারের সমস্যার কারণে মাত্র ২৮ বছর বয়সেই ক্রিকেট ছাড়তে বাধ্য হন। পরে সুস্থ হয়ে অভিনয় জগতে পা রাখেন সলিল। একাধিক টিভি ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত কয়েক বছরে ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত BCCI-এর জাতীয় নির্বাচক হিসেবেও দায়িত্ব সামলেছেন সলিল আঙ্কোলা।

  • Link to this news (এই সময়)