• দীর্ঘদিন হয়নি হাওড়া পুরসভার ভোট, পুর কমিশনারের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতৃত্ব
    দৈনিক স্টেটসম্যান | ০৭ মে ২০২৬
  • ২০১৮ সালের ডিসেম্বর মাসে হাওড়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনও নির্বাচন হয়নি। দীর্ঘদিন ধরে প্রশাসকের মাধ্যমে পুরসভা পরিচালিত হলেও নাগরিক পরিষেবার মান ক্রমশ অবনতির দিকে গিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জলনিকাশি, রাস্তা মেরামত, নিকাশি পরিষ্কার-সহ একাধিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে হাওড়া পুরসভায় দ্রুত নির্বাচন করানোর দাবি তুলতে সক্রিয় হয়েছে বিজেপির জেলা নেতৃত্ব।

    বুধবার বিজেপির হাওড়া জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য দলীয় প্রতিনিধিদের নিয়ে হাওড়া পুরসভায় যান। সেখানে তিনি পুর কমিশনার তথা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্রুত পুরভোট আয়োজনের বিষয়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি। পাশাপাশি বর্ষার সময় যাতে প্রতি বছরের মতো জল জমে হাওড়া শহর বিপর্যস্ত না হয়, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেতারা।

    গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, বিজেপির সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই দল সরকারের কাছে প্রস্তাব রাখবে যাতে দ্রুত হাওড়া পুরসভার নির্বাচন সম্পন্ন করা যায়। তাঁর আশঙ্কা, নির্বাচিত বোর্ড না থাকায় এ বছরও বর্ষাকালে হাওড়ার বিভিন্ন এলাকা জলমগ্ন হতে পারে। তবে আগামী দিনে এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলেই তিনি আশা প্রকাশ করেন।

    এদিন পুরসভায় গিয়ে বিজেপি নেতৃত্ব অস্থায়ী কর্মচারীদের সঙ্গেও কথা বলেন। কর্মচারীরা তাঁদের বিভিন্ন সমস্যা, অসুবিধা ও বঞ্চনার কথা তুলে ধরেন। একই সঙ্গে তৃণমূল ঘনিষ্ঠ কর্মচারী সংগঠনের একাধিক সদস্য বিজেপিতে যোগ দেন বলে দাবি দলের। এর ফলে পুরসভার কর্মচারী সংগঠনের অন্দরেও রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিজেপির দাবি, পুরসভায় পরিবর্তনের হাওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগামী দিনে সংগঠন আরও শক্তিশালী হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)