• অস্ত্রোপচার করে চন্দ্রনাথের গাড়িচালকের শরীর থেকে বের করা হল গুলি, রয়েছেন চিকিৎসকদের নজরদারিতে
    দৈনিক স্টেটসম্যান | ০৭ মে ২০২৬
  • চন্দ্রনাথ রথের গাড়িচালক বুদ্ধদেব বেরার শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করলেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার সকালে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক হলেও চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার দোহাড়িয়ায় চন্দ্রনাথ রথের গাড়ির উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বাইকে করে আসা দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। সেই সময় গাড়িতে ছিলেন চন্দ্রনাথ এবং তাঁর চালক বুদ্ধদেব বেরা। গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

    চন্দ্রনাথ রথের দেহ বুধবার রাতেই বারাসত মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল চত্বরে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সূত্রের খবর, বৃহস্পতিবার তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হতে পারে। এরপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

    ঘটনার পর থেকেই মধ্যমগ্রামের ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সাধারণ মানুষের প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। চন্দ্রনাথের গাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। গাড়ির চালকের আসন এবং পাশের সিটে রক্তের দাগ পাওয়া গিয়েছে। ফরেনসিক আধিকারিকেরা গাড়ির ভিতরের বিভিন্ন অংশ খতিয়ে দেখেন। পরে তদন্তের স্বার্থে গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)