• ভবানীপুরে মমতাকে হারানো এবং তাঁর আপ্তসহায়ক হওয়ার জন্যই খুন চন্দ্রনাথ, দাবি শুভেন্দুর
    দৈনিক স্টেটসম্যান | ০৭ মে ২০২৬
  • পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন  করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। আর তার পরেই বিস্ফোরক দাবি করলেন তিনি। তাঁর আপ্ত সহায়ক হওয়ার কারণেই খুন হতে হল, দাবি করেছেন শুভেন্দু।

    বৃহস্পতিবার বারাসত হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একজন শিক্ষিত ও নিরপরাধ তরুণকে শুধুমাত্র তাঁর সঙ্গে কাজ করার অপরাধে হত্যা করা হয়েছে। শুভেন্দুর অভিযোগ, ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর থেকেই তাঁকে এবং তাঁর ঘনিষ্ঠদের লক্ষ্য করে রাজনৈতিক আক্রমণ চলছে।

    তিনি আরও বলেন, চন্দ্রনাথের বিরুদ্ধে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ কখনও ছিল না। তিনি সক্রিয় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন না। শুধুমাত্র বিরোধী দলনেতার সহায়ক হিসেবে কাজ করতেন বলেই তাঁকে টার্গেট করা হয়েছে বলে দাবি শুভেন্দুর। এই ঘটনাকে তিনি নিজের ‘ব্যক্তিগত ক্ষতি’ বলেও উল্লেখ করেন।

    হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে শুভেন্দু অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে দাবি জানান। তাঁর বক্তব্য, পরিকল্পিতভাবে রেকি করে ঠান্ডা মাথায় এই খুন করা হয়েছে। তদন্তকারীদের উদ্দেশে তিনি আবেদন করেন, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক।

    এদিন শুভেন্দু আরও জানান, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে তাঁর কথা হয়েছে। ডিজি তাঁকে জানিয়েছেন, হামলায় ব্যবহৃত মোটরবাইকটি ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে উদ্ধার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)