• চন্দ্রনাথের হত্যাকারীদের যাবজ্জীবন সাজা চান তাঁর মা, খুনের জন্য দায়ী করলেন তৃণমূলকে
    দৈনিক স্টেটসম্যান | ০৭ মে ২০২৬
  • চন্দ্রনাথ রথের মৃত্যুর পর শোকস্তব্ধ পরিবারে নেমে এসেছে গভীর অন্ধকার। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মা হাসিরানি রথ। বৃহস্পতিবার তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘আমি মা, তাই কারও ফাঁসি চাই না। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হোক।‘

    ছেলের হত্যাকাণ্ডের জন্য তিনি শাসকদলের কিছু নেতার উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে আগেই হুমকির সুর শোনা গিয়েছিল। হাসিরানি বলেন, ‘শাসকদলের নেতারা বলেছিলেন, চার তারিখের পর দিল্লির কোনও বাবাও রক্ষা করতে পারবে না। আজ সেটাই বাস্তবে ঘটল।‘ তিনি নতুন সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত ও উপযুক্ত বিচারের আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, ‘আমার ছেলের মৃত্যুর সঠিক বিচার হোক, এটাই চাই।‘

    বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় গুলি করে খুন করা হয়  শুভেন্দুর অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে। সেই সময় গাড়িতে তাঁর সঙ্গে আরও এক ব্যক্তি ছিলেন। হামলায় তিনিও গুলিবিদ্ধ হন। দু’জনকে দ্রুত মধ্যমগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    ঘটনার পর চন্দ্রনাথের দেহ পাঠানো হয় বারাসত মেডিক্যাল হাসপাতালের মর্গে। এ ঘটনায় ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে রাজ্য সরকার। তদন্তে যুক্ত হয়েছেন রাজ্য পুলিশের পাশাপাশি সিআইডির আধিকারিকেরাও। যদিও সিটে কারা রয়েছেন বা কতজন সদস্য আছেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার তদন্তে দ্রুত অগ্রগতি এবং দোষীদের গ্রেপ্তারের দাবিও জোরালো হচ্ছে বিভিন্ন মহলে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)