‘পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় খুন’ চন্দ্রনাথ খুনে জানালেন শুভেন্দু
দৈনিক স্টেটসম্যান | ০৭ মে ২০২৬
শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। বুধবার রাতে মধ্যমগ্রামের হাসপাতালে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে শুভেন্দু বলেন, বেশ কয়েক দিন ধরে রেকি করে ঠান্ডা মাথায় এই হামলার ছক কষা হয়েছিল।
তিনি জানান, নিহত চন্দ্রনাথের পরিবারের পাশে থাকবে দল। পাশাপাশি, গুলিবিদ্ধ আহত ব্যক্তির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বও বিজেপি নেবে। শুভেন্দুর মতে, এই হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক যোগ থাকতে পারে, যদিও তদন্তের স্বার্থে তিনি এখনই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।
শুভেন্দু আরও জানান, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্তর সঙ্গে তাঁর কথা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিলেছে। তবে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ফুটেজ নিয়ে তিনি পুলিশের কাছে কোনও অতিরিক্ত তথ্য জানতে চাননি বলেও জানান বিরোধী দলনেতা। তাঁর কথায়, তদন্তের দায়িত্ব পুলিশের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাসও মিলেছে।
এই ঘটনার পর উত্তেজনার আবহ তৈরি হলেও দলের কর্মী-সমর্থকদের শান্ত থাকার আবেদন জানান শুভেন্দু। আইন নিজের হাতে তুলে না নেওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, রাজ্যে শান্তি বজায় রাখা জরুরি। পাশাপাশি তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরে রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি হয়েছে। বুধবারই খড়দহ, বরাহনগর ও বসিরহাটে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন।