• চন্দ্রনাথ রথ খুনে উদ্ধার সন্দেহজনক বাইক, নম্বর প্লেট ভুয়ো! তদন্তে নতুন মোড়
    এই সময় | ০৭ মে ২০২৬
  • চন্দ্রনাথ রথের (Chandranath Rath Murder Case) খুনের ঘটনায় সন্দেহজনক একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে। বাইকটিকে বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে একটি ভ্যাট থেকে উদ্ধার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। তদন্তে উঠে এসেছে, এই বাইকটিরও নম্বর প্লেট ভুয়ো। ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করা। বাইকটি আসানসোলের বার্নপুর এলাকার এক ব্যক্তির বলে খবর। পশ্চিম বর্ধমান RTO থেকে নথিভুক্ত করা হয়েছে। SAIL-এর ইসকো স্টিল প্ল্যান্টের (IISCO Steel Plant) কোয়ার্টারের ঠিকানায় রয়েছে গাড়ির রেজিস্ট্রেশন।

    বিভাসকুমার ভট্টাচার্য নামে এক ব্যক্তির নামে এই বাইক ২০১২ সালের ৪ মে রেজিস্ট্রেশন করা হয়। লাইসেন্সের বৈধতা রয়েছে ২০২৭-এর মে মাস পর্যন্ত। যে ঠিকানায় এই রেজিস্ট্রেশন, সেই ঠিকানায় গিয়ে জানা গিয়েছে বিভাস নামে কেউ সেখানে থাকেন না। সেখানে থাকেন ধরমবীর কুমার। SAIL-এর ইসকো স্টিল প্ল্যান্টে কাজ করেন তিনি।

    ধরমবীর জানান, বিভাসকুমারের নাম শুনে হতবাক তিনি। ২০১৪ সাল থেকে তিনি এই কোয়ার্টারে থাকেন। এর আগে কেউ এখানে থাকলে তা তিনি জানেন না।

    ইতিমধ্যেই চন্দ্রনাথ খুনে আটক করা চার চাকার গাড়ির নম্বর প্লেট নিয়েও একই ঘটনা ঘটেছে। ওই নম্বর প্লেটও ভুয়ো। সেই নম্বরের আসল যে গাড়ি, তার খোঁজ মিলেছে শিলিগুড়িতে। খোঁজ মিলেছে গাড়ির মালিকেরও। ইতিমধ্যেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন উইলিয়াম জোসেফ নামে ওই ব্যক্তি।

  • Link to this news (এই সময়)