• Video: দিল্লির ফ্লাইটে মহুয়াকে দেখেই উঠল ‘চোর চোর’ রব!
    এই সময় | ০৮ মে ২০২৬
  • রাজ্যে পালাবদলের পরে গত তিনদিনে রাজ্যজুড়ে জায়গায় জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীরা। বৃহস্পতিবার দিল্লিগামী ইন্ডিগোর এক বিমানে একই অভিজ্ঞতার শিকার হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বিষয়ে একটি পোস্ট করে, তাঁর সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করা হয়েছে, তাঁকে হেনস্থা করা হয়েছে বলে, গুরুতর অভিযোগ করেছেন তিনি। এয়ারলাইন্স সংস্থা এবং সরকারের কাছে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

    এ দিন, প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন মহুয়া। তিনি জানিয়েছেন, ইন্ডিগোর 6E-719 উড়ানের 1F আসনে বসেছিলেন তিনি। তৃণমূল সাংসদের দাবি, তিনি বিমানে ওঠার পরেই ৪-৬ জনের একটি দল বিমানে ওঠে। তারা তাঁর দিকে খারাপ দৃষ্টিতে দেখতে দেখতে বিমানের পিছনের দিকে গিয়ে বসে।

    মহুয়া মৈত্রের অভিযোগ, ওই বিমান দিল্লিতে অবতরণের পরে দরজা খোলার ঠিক আগে, ওই ব্যক্তিরা তাঁর সঙ্গে চরম আপত্তিকর আচরণ করা শুরু করেন। তারা তাঁর ভিডিয়ো রেকর্ড করে। তৃণমূল সাংসদের দাবি, এটা সাধারণ যাত্রীদের ‘নাগরিক ক্ষোভ’ নয়। তাঁর অভিযোগ, ‘স্পষ্টতই এটা হয়রানি এবং বিমানের ভিতরে আমার সুরক্ষা লঙ্ঘন।’

    ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমান অবতরণের পরে মহুয়া মৈত্র তাঁর কেবিন ব্যাগেজ সংগ্রহ করে বিমান চাড়ার প্রস্তুতি নিচ্ছেন। পিছন দিক থেকে বেশ কয়েকজন 'চোর চোর, ভাইপো চোর, পিসি চোর, তৃণমূলের সব চোর', বলে স্লোগান দিচ্ছে।

    এই ঘটনার পরে ইন্ডিগো কর্তৃপক্ষের কাছে ক্রু মেম্বারদের রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করে অবিলম্বে ‘নো-ফ্লাই’ তালিকাভুক্ত য় (No-Fly List) করার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ, যাতে তারা ভবিষ্যতে আর বিমানযাত্রা না করতে পারে। পাশাপাশি, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুর কাছেও এই বিষয়ে কড়া হস্তক্ষেপের আবেদন করেছেন তিনি।

    একই সঙ্গে এই পোস্টটিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল এবং এম কে স্ট্যালিনের মতো ইন্ডিয়া ব্লকের নেতাদের ট্যাগ করেছেন।

  • Link to this news (এই সময়)