অরূপ বিশ্বাসের নামে পাঁঠা উৎসর্গ প্রাক্তন বিধায়কের
আজকাল | ০৮ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। তৃণমূল জিতেছে মাত্রে ৮০টি আসনে। রাজ্যের ২৯ জন মন্ত্রীর মধ্যে ১৭ জন মন্ত্রী ভোটে হেরেছেন। ফলপ্রকাশের পরেই রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের জেলা সভাপতি নামে পাঠা উৎসর্গ করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কারণেই তিনি টিকিট পাননি। তাই দলের এই ভরাডুবি। তিনি আরও বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭৪ জন বিধায়ককে টিকিট না দেওয়ায় আজ দলের এই ফল।”
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরের বুড়োরাজ মন্দিরে পুজো দেন তপন। তাঁর পুজো দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মন্দিরে উৎসর্গ করার জন্য তিনটি পাঁঠা আনা হয়েছে। তিনটি পাঠার গলায় ঝোলানো জবার মালা, প্রাণীগুলির গলায় ঝুলছে নাম। টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ, কাটোয়ার তৃণমূলের প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী এবং জেলা সভাপতির নাম লেখা তিন পাঁঠাকে নিয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ঢুকে যান জামালপুরের বুড়োরাজ মন্দিরে। সেখানে পুজো দিতেও দেখা গিয়েছে তাঁকে।
প্রাক্তন বিধায়কের দাবি, এই তিন জনের কারণে এবারে তিনি পূর্বস্থলী উত্তর বিধানসভা থেকে টিকিট পাননি। তাই তিনি মানত করেছিলেন এই তিনজন ভোটে হারলে এবং রাজ্যে তৃণমূলের ভরাডুবি হলে তিনি তিনটি পাঠা উৎসর্গ করবে। তাঁর মনস্কামনা পূর্ণ হওয়ায় তারই দলের তিন নেতৃত্বের নামে পাঁঠা উৎসর্গ করতে এসেছিলেন বলেই জানান তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক।
জামালপুর বুড়োরাজ শিবতলার প্রধান পুরোহিত জানান, তিনি জীবনে এই ধরনের মন্ত্রীদের নামে পাঁঠা উৎসর্গ করেননি।
৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। যে তিন জনের নামে পাঁঠা উৎসর্গ করা হয়েছে তাঁদের মধ্যে কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি বিজেপির কৃষ্ণ ঘোষের কাছে ৩৫ হাজার ৬৬ ভোটে হেরেছেন। পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ ১৬ হাজার ৬৬২ ভোটে বিজেপির প্রাণকৃষ্ণ তপাদারের কাছে হেরে গিয়েছেন। টালিগঞ্জের তৃণমূলের প্রার্থী অরূপ বিশ্বাস ৬ হাজার ১৩ ভোটে বিজেপির পাপিয়া অধিকারীর কাছে হেরে গিয়েছেন।