• ট্রাইব্যুনাল থেকে ইস্তফা প্রাক্তন প্রধান বিচারপতির
    আজকাল | ০৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) -তে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ফের ট্রাইব্যুনালে নিজেদের নাম তোলার আবেদন করেছেন। সেই ট্রাইব্যুনালে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্ন প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারপতিদের। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। কমিশন সূত্রে খবর, প্রাক্তন প্রধান বিচারপতি তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন। প্রথমে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল ২৪ পরগনা এবং কলকাতা জেলার। পরবর্তীতে তিনি শুধু কলকাতা উত্তর এবং দক্ষিণের দায়িত্বই গ্রহণ করেছিলেন। 

    সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনালে ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম-সহ ১৯ জন প্রাক্তন বিচারপতি। ট্রাইবুনালের বিচারপতিরা কোন পদ্ধতি মেনে আবেদন নিষ্পত্তি করবেন, তা ঠিক করতে সুপ্রিম কোর্টের নির্দেশে যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, ওই কমিটিতেও ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। জোকায় ডায়মন্ড হারবার রোডের উপর সরকারি ভবনে করা হয় ট্রাইবুনালের অফিস। সেখানেই আপিল শুনছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শিবজ্ঞানম।

    জাতীয় নির্বাচন কমিশন ১৯ জনের প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করছিল এসআইআর ট্রাইব্যুনালের শুনানির জন্য। তাঁদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল। উত্তর ২৪ পরগণা এবং কলকাতায় প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি প্রদীপ্ত রায় বিধানসভা অনুযায়ী উত্তর ২৪ পরগণায়, পূর্ব মেদিনীপুরের দায়িত্বে প্রাক্তন বিচারপতি তপেন সেন,  প্রাক্তন বিচারপতি প্রণব কুমার দেব কোচবিহারে, পূর্ব বর্ধমানে প্রাক্তন বিচারপতি প্রভাত কুমার দে, প্রাক্তন বিচারপতি রঘুনাথ রায় নদিয়া, প্রাক্তন বিচারপতি অশোক কুমার দাস অধিকারী হাওড়া, প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে, প্রাক্তন বিচারপতি তৌফিকউদ্দিন দক্ষিণ দিনাজপুরে, প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চ্যাটার্জী এবং বিশ্বজিৎ বসুকে বিধানসভা অনুযায়ী মুর্শিদাবাদে, প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগকে দক্ষিণ ২৪ পরগণা, প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি হুগলি, প্রাক্তন বিচারপতি মুমতাজ খান পুরুলিয়া এবং বাঁকুড়া, প্রাক্তন বিচারপতি মীর দারা শেকো পশ্চিম বর্ধমান, প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে উত্তর দিনাজপুর, প্রাক্তন বিচারপতি মনোজিৎ মণ্ডল বীরভূম এবং প্রাক্তন বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীকে মালদা জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল।
  • Link to this news (আজকাল)