আজকাল ওয়েবডেস্ক: কলকাতার বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই খবর ছড়িয়েছিল। যদিও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো।
লালবাজারের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে, '১৪৪ ধারা জারির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভুয়ো ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে, কলকাতা পুলিশ এলাকার আওতাধীন কোনো স্থানেই ১৪৪ ধারার অধীনে এমন কোনও নির্দেশ জারি করা হয়নি।'পাশাপাশি এ ধরনের ভুয়ো খবর মোকাবিলায় কড়া নজরদারি রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ, 'কলকাতা পুলিশ এই ধরনের বিষয়বস্তুর ওপর কড়া নজর রাখছে। যারা ভুল তথ্য ছড়াচ্ছে কিংবা জনশান্তি বিঘ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'
কলকাতা পুলিশের দাবি, 'কলকাতার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন কোনও যাচাইহীন পোস্ট বিশ্বাস বা শেয়ার না করেন এবং সঠিক তথ্যের জন্য কেবল সরকারি সূত্রগুলোর ওপরই নির্ভর করেন।'