• শুভেন্দুর আপ্তসহায়ক খুনে দিকে দিকে বিজেপির বিক্ষোভ
    দৈনিক স্টেটসম্যান | ০৮ মে ২০২৬
  • শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, পশ্চিম মেদিনীপুরের শালবনি-সহ একাধিক এলাকায় বিক্ষোভে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পথে নামেন বিজেপির কর্মী-সমর্থকেরা।

    ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে এবং আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। অফিসযাত্রী, স্কুল পড়ুয়া এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

    একইভাবে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির ভাদুতলা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রাস্তার উপর আগুন জ্বালানোর কারণে কিছুক্ষণের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

    বিক্ষোভকারীদের অভিযোগ, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে এবং পুলিশ যথাযথ তদন্ত করছে না। তাঁদের দাবি, ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। তাই দ্রুত তদন্ত শেষ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।

    রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্যে একাধিক রাজনৈতিক হিংসার অভিযোগ সামনে আসছে বলে বিরোধীদের দাবি। বিজেপি নেতৃত্ব কর্মীদের শান্ত থাকার আহ্বান জানালেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। ভোট পরবর্তী হিংসা রুখতে পুলিশ প্রশাসনকে পদক্ষেপের আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা।  প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে, পাশাপাশি তদন্তও জোরদার করা হয়েছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)