• কলকাতা পুলিশের নামে একের পর এক ভুয়ো বিজ্ঞপ্তি ভাইরাল! নেপথ্যে কে? তদন্তে গোয়েন্দা
    প্রতিদিন | ০৮ মে ২০২৬
  • ১৫ বছর পর রাজ্যে ফের পালাবদল। সংখ্যাগরিষ্ঠেরও বেশি আসন নিয়ে বাংলার মসনদে বিজেপি। ফলাফল বেরনোর পর কেটে গিয়েছে তিনটে দিন। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেই চলেছে। এরমধ্যেই সমাজমাধ্যমে কলকাতা পুলিশের (Kolkata Police) একাধিক ভুয়ো নির্দেশিকা ভাইরাল! যা নিয়ে জনমানসে ছড়াচ্ছে আতঙ্ক। এবার এই বিষয়ে তথ্য অনুসন্ধানে নাম লালবাজারের গোয়েন্দা পুলিশ। পরিস্থিতির সুযোগ নিয়ে কে বা কারা এই ভুয়ো নির্দেশিকা ভাইরাল করছে তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

    সম্প্রতি সমাজমাধ্যমে কলকাতা পুলিশের একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়ে পড়ে। যেখানে শহরের বেশ কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে দাবি করা হয়। শুধু তাই নয়, অন্য একটি বিজ্ঞপ্তিতে আরও বেশ কয়েকটি জায়গার কথা তুলে বিজ্ঞপ্তি ভাইরাল করা হয়। আর তা নজরে আসতেই পদক্ষেপ করে কলকাতা পুলিশ। দুটি বিজ্ঞপ্তি ভুয়ো জানিয়ে সমাজমাধ্যমে বার্তা দেওয়া হয়েছে।

    শুধু তাই নয়, কলকাতা পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণে রয়েছে তাও জনসাধারণকে সচেতন করে বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু ভুয়ো এই সমস্ত বিজ্ঞপ্তি সমাজমাধ্যমে ভাইরাল করছে? তা খতিয়ে দেখতেই এবার ময়দানে লালবাজার। পুলিশ শীর্ষ আধিকারিকরা মনে করছেন, পর পর কলকাতা পুলিশের ভুয়া নির্দেশিকা বের করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। যারা করছে তাঁদের সন্ধান চলছে।

    বলে রাখা প্রয়োজন, বুধবারই কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা স্পষ্ট জানান, বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু করা হয়েছে। তবে সাধারণ মানুষ যাতে কোনও গুজবে কান না দেন সেই বার্তাও দেন কলকাতা পুলিশ কমিশনার। তাঁর কথায়, যে কোনও সমস্যায় পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করা যেতে পারে। কড়া হাতে এর ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (প্রতিদিন)