• রেজিনগর ছাড়ছেন হুমায়ুন, উপনির্বাচনে AJUP-এর প্রার্থী তাঁর ছেলে গোলাম নবি আজাদ
    এই সময় | ০৮ মে ২০২৬
  • নওদা ও রেজিনগর দুই আসনেই জিতেছেন হুমায়ুন কবীর। একটা আসন তাঁকে ছেড়ে দিতেই হতো। ২টোয় জয়ী হয়ে রেজিনগর যে ছেড়ে দেবেন, সেটা আগেই জানিয়েছিলেন। ওই আসনে উপনির্বাচন হলে প্রার্থী হবে কে? নিজের তৈরি নতুন দলের হয়ে রেজিনগর আসনে হুমায়ুন কবীর ভরসা রাখছেন ছেলের উপর।

    রেজিনগরে কেন্দ্রে উপনির্বাচন হলে তাঁর ছেলে গোলাম নবি আজাদ সেখানে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন বলে জানিয়ে দিলেন হুমায়ুন কবীর। বৃহস্পতিবার রেজিনগর বিধানসভা এলাকার নারকেলবাড়ি ফেরিঘাট লাগোয়া ময়দানে নওদা ও রেজিনগর বিধানসভার নেতা-কর্মীদের নিয়ে বিজয় উৎসব পালন করেন হুমায়ুন। ওই সভায় হুমায়ুন বলেন, 'করজোড়ে অনুমতি চাইছি, আমি আগামী ১৪মে রেজিনগর বিধানসভা থেকে রিজাইন করব। কেউ আমাকে ভুল বুঝবেন না। আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার ছেলেকে নিয়ে আমি রাজনীতি করব। আগামী উপনির্বাচনে আমার ছেলেকে প্রার্থী করব। আপনারা আমাকে প্রার্থী মনে করে তাঁকে ভোট দেবেন।'

    ​আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর মুর্শিদাবাদের জোড়া বিধানসভা আসন থেকে জয়ী হন। ৪ মে ভোটের ফল প্রকাশ হলে দেখা যায়, রেজিনগর থেকে ৬৪,৬৯৪ ভোটে এবং নওদা আসন থেকে ২৭,৯৪৩ ভোটে জয়ী হয়েছেন তিনি। ওই ২টি আসনে উল্লেখযোগ্য ভাবে বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থান পেয়েছিলেন। তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল।

    ভোটের ফল ঘোষণার আগেই হুমায়ুন কবীর জানিয়েছিলেন, ২টি আসনেই তিনি জিতবেন এবং শেষ পর্যন্ত রেজিনগর আসনটি তিনি ছেড়ে দেবেন। এ দিন সেই ঘোষণা করার পাশাপাশি উত্তরাধিকারী হিসেবে ছেলের নাম সামনে আনলেন তিনি। এ দিন সভায় হাজির ছিলেন বেলডাঙা–২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা হুমায়ুনের পুত্র গোলাম নবি আজাদ।

    রাজনৈতিক মহলের মতে, নিজের খাসতালুকে ছেলের রাজনৈতিক অভিষেক নিশ্চিত করতে এই কৌশল হুমায়ুনের। রেজিনগরে হুমায়ুনের জয়ের মার্জিনও অনেক বেশি। দ্বিতীয় দফার ভোটের দিন দিনভর নওদায় পড়েছিলেন তিনি। রেজিনগর ঘরের মাঠ হওয়ায়, সেখানে সহজেই জয় এসেছে।

    কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ‘এ কথা আমি চার দিন আগেই জানিয়েছিলাম।নিজের ছেলের রাজনৈতিক পথ মসৃণ করতেই ভাবনা-চিন্তা করে হুমায়ুন ওই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি চার দিন আগে সে কথা প্রকাশ্যে জানাতে আমাকে গালমন্দ করতেও ছাড়েনি হুমায়ুন।’

    রেজিনগর কেন্দ্রের পরাজিত প্রার্থী তৃণমূলের আতাউর রহমান বলেন, ‘রেজিনগরের মানুষের ভোট এত সস্তা নয়। বার বার তাঁদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করবেন না রেজিনগরবাসী।’

  • Link to this news (এই সময়)